স্থানভিত্তিক ধানের জাত ও প্রযুক্তি উদ্ভাবন এবং বিদ্যমান গবেষণাগার উন্নয়ন (এলএসটিডি) প্রকল্পের অর্থায়নে ও বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) আঞ্চলিক কার্যালয়, দিনাজপুরের বাস্তবায়নে দিনাজপুর সদর উপজেলার কাউগাঁ-হুগলীপাড়া প্রযুক্তি গ্রামের কৃষকদের মাঝে আমন ২০২৬ মৌসুমের জন্য ব্রি উদ্ভাবিত উচ্চফলনশীল ধানের বীজ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার ব্রি আঞ্চলিক কার্যালয়, দিনাজপুরে প্রাযুক্তিক পরীক্ষণ ও মূল্যায়ন কার্যক্রমের আওতায় কাউগাঁ-হুগলীপাড়া প্রযুক্তি গ্রামের ৪০ জন কৃষক-কৃষাণীর মাঝে ব্রি ধান-৩৪, ব্রি ধান-৯৫, ব্রি ধান-৮০, ব্রি ধান-৯৩, ব্রি ধান-১০৩ এবং ব্রি ধান-১১০-এর বীজ বিতরণ করা হয়। নতুন ও সম্ভাবনাময় ধানের জাতগুলো মাঠপর্যায়ে মূল্যায়নের মাধ্যমে স্থানীয় পরিবেশ ও জমির উপযোগী জাত নির্বাচন এবং কৃষকের কাছে উন্নত ধান প্রযুক্তি পৌঁছে দেওয়াই এ কার্যক্রমের মূল উদ্দেশ্য।
এ সময় কৃষকদের বীজতলা প্রস্তুতি, পরিচর্যা এবং সঠিক বয়সের চারা রোপণ বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়। ব্রি আঞ্চলিক কার্যালয়, দিনাজপুরের প্রধান ও ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোছা. সেলিমা জাহান দিনাজপুরের স্থানীয় পরিবেশ ও জমির বৈশিষ্ট্য বিবেচনায় উপযোগী ধানের জাত নির্বাচন এবং আধুনিক চাষাবাদ ব্যবস্থাপনা বিষয়ে পরামর্শ প্রদান করেন।
এলএসটিডি প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মো. আনোয়ার হোসেন বলেন, আমন ধান দেশের মোট ধান উৎপাদনের একটি গুরুত্বপূর্ণ অংশ এবং জাতীয় খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে এর ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এলএসটিডি প্রকল্পের আওতায় ব্রি উদ্ভাবিত উচ্চফলনশীল আমন ধানের জাত কৃষক পর্যায়ে জনপ্রিয়করণের মাধ্যমে অধিক ফলনশীল, জলবায়ু-সহনশীল ও কৃষকবান্ধব জাতসমূহের গ্রহণযোগ্যতা বৃদ্ধি করা হচ্ছে। এ উদ্যোগের ফলে উৎপাদনশীলতা বৃদ্ধি, জলবায়ুজনিত ঝুঁকি মোকাবিলা, কৃষকের লাভজনকতা বৃদ্ধি এবং দেশের খাদ্য নিরাপত্তার ভিত্তি আরও সুদৃঢ় হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রি আঞ্চলিক কার্যালয়, দিনাজপুরের বৈজ্ঞানিক কর্মকর্তা সৈয়দ জাহিদ হাসান। তিনি বলেন, প্রযুক্তি গ্রামের মাধ্যমে কৃষকের মাঠেই নতুন ধানের জাত ও প্রযুক্তি যাচাই-বাছাইয়ের সুযোগ তৈরি হচ্ছে, যা ভবিষ্যতে ধানের উৎপাদনশীলতা বৃদ্ধি, খাদ্য নিরাপত্তা জোরদার এবং কৃষকের আয় বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
দিনাজপুর সদর উপজেলার কাউগাঁ প্রযুক্তি গ্রামের কৃষক মো. ফরিদ বলেন, আগেও ব্রির উন্নত ধানবীজ নিয়ে চাষ করে ভালো ফলন ও লাভ পেয়েছি। এবারও বীজ পেয়ে আমরা খুশি এবং আশা করছি ভালো ফলন পাব।
এএন