শাহজাদপুরে দুই নারীর আত্মহত্যা

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি প্রকাশিত: জুন ২৪, ২০২৬, ০৪:০৬ পিএম

সিরাজগঞ্জের শাহজাদপুরে একই দিনে দুই নারীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। নিহতরা হলেন- উপজেলার গাড়াদহ ইউনিয়নের হরিরামপুর গ্রামের ছামাদ আলীর স্ত্রী আঞ্জুয়ারা খাতুন (৪৫) এবং নরিনা ইউনিয়নের নরিনা উত্তরপাড়া গ্রামের শাহেব আলীর স্ত্রী আসমা খাতুন (৪৫)। নিহত আঞ্জুয়ারা তিন কন্যাসন্তানের এবং আসমা খাতুন দুই সন্তানের জননী ছিলেন।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার হরিরামপুর গ্রামের আঞ্জুয়ারা খাতুন স্বামীর নির্যাতন ও অত্যাচারে অতিষ্ঠ হয়ে বাড়ির পাশের একটি ধানক্ষেতে গিয়ে কীটনাশক পান করেন। মাঠের কৃষকেরা তাঁকে উদ্ধার করে পার্শ্ববর্তী উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অপরদিকে, একই দিনে ঋণের দায়ে জর্জরিত হয়ে নরিনা উত্তরপাড়া গ্রামের আসমা খাতুন বিষাক্ত গ্যাস ট্যাবলেট খেয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। স্বজনেরা তাঁকে উদ্ধার করে প্রথমে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে তাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বগুড়ায় নেওয়ার পথে তিনি মৃত্যুবরণ করেন।

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বুধবার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, আঞ্জুয়ারা খাতুনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় নিহতের ভাই মো. আনিছুর রহমান বাদী হয়ে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে নিহতের স্বামী ছামাদ আলীসহ ৪ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন।

অপরদিকে, কোনো অভিযোগ না থাকায় এবং পরিবারের আবেদনের প্রেক্ষিতে আসমা খাতুনের লাশ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

জেএইচআর