দুর্যোগ ও ত্রাণ মন্ত্রী

পার্শ্ববর্তী দেশের পানি বৈষম্যের কারণে আমাদের নদীগুলো শুকিয়ে যাচ্ছে

দৌলতপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি প্রকাশিত: জুন ২৪, ২০২৬, ০৫:২৪ পিএম

মানিকগঞ্জের দৌলতপুরে খাল খনন প্রকল্পের কাজ পরিদর্শন করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু। 

বুধবার দুপুরে দৌলতপুর উপজেলার কলিয়া ইউনিয়নের তালুকহাপানিয়া খালের কার্যক্রম পরিদর্শন করেন এবং সেখানে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন এই দুই মন্ত্রী।

পরিদর্শনকালে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেন, পার্শ্ববর্তী একটি দেশের পানি বৈষম্যের কারণে আমাদের নদীগুলো শুকিয়ে যাচ্ছে। আমরা ঠিকমতো পানি পাচ্ছি না। তিস্তা এখন মরুভূমি হয়ে গেছে। এর জন্য তিস্তা মহাপরিকল্পনা এবং পদ্মা মহাপরিকল্পনা বাস্তবায়নের পরিকল্পনা সরকার গ্রহণ করেছে।

তিনি আরও বলেন, বাংলাদেশ নদীমাতৃক দেশ। কিন্তু অবহেলা, অযত্ন ও অবজ্ঞার কারণে নদীগুলো এখন খালে পরিণত হয়েছে। সেগুলোকে পুনঃখননের মহাপরিকল্পনা রয়েছে। আগাম বৃষ্টির কারণে খাল খননের কাজ কিছুটা বাধাগ্রস্ত হচ্ছে। আগামী শুকনো মৌসুমে অসম্পূর্ণ কাজগুলো সম্পন্ন করা হবে।

খাল খননে দুর্নীতির প্রসঙ্গ উল্লেখ করে মন্ত্রী বলেন, বিগত ১৭ বছর বাংলাদেশ দুর্নীতিতে নিমজ্জিত ছিল। এই দুর্নীতি একদিনে পরিষ্কার করা সম্ভব হবে না। তবে খাল খননে সুনির্দিষ্ট অভিযোগ পেলে জড়িতদের বিরুদ্ধে অবশ্যই আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এ সময় মানিকগঞ্জ-১ (ঘিওর, দৌলতপুর, শিবালয়) আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবির, জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা, জেলা পরিষদের প্রশাসক জামিলুর রশিদ খান এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিয়ান নূরেনসহ সংশ্লিষ্ট প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেএইচআর