চৌগাছায় দোকানে আগুনে পুড়ে ৫ লাখ টাকার ক্ষতি

এম এ মান্নান, চৌগাছা (যশোর) প্রকাশিত: জুন ২৪, ২০২৬, ০৬:০৮ পিএম

যশোরের চৌগাছা পৌর এলাকার একটি দোকানে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন দোকানের মালিক ও কর্মচারীরা। 

বুধবার সকাল ১০টার দিকে চৌগাছা বাজারের কোটচাঁদপুর রোডে উপজেলা পরিষদের সামনে অবস্থিত ‘আব্দুর রহমান বেটিং শপ’ (লেপ-তোশক তৈরির দোকান)-এ এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

দোকানের কর্মচারী দ্বীন ইসলাম জানান, সকালে দোকান খুলে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ শেষ করে তিনি পাশের একটি দোকানে চা পান করতে যান। কিছুক্ষণ পর স্থানীয় লোকজনের মাধ্যমে জানতে পারেন যে দোকানে আগুন লেগেছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে আশপাশের লোকজনকে ডাকেন। পরে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ জনগণ আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন এবং ফায়ার সার্ভিসকে খবর দেন।

তিনি আরও জানান, আগুনে দোকানে থাকা বিপুল পরিমাণ তোষক, লেপ, জাজিম, তুলো, নগদ টাকা ও মোটরসাইকেলের কাগজপত্রসহ বিভিন্ন আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। এতে আনুমানিক চার থেকে পাঁচ লাখ টাকার আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে।

ঘটনার খবর পেয়ে চৌগাছা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি সেলিম রেজা আউলিয়ার ও সাধারণ সম্পাদক হাসিবুল ইসলামসহ স্থানীয় ব্যবসায়ী, গণমাধ্যমকর্মী এবং এলাকাবাসী ঘটনাস্থল পরিদর্শন করেন। তাঁরা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর প্রতি সমবেদনা ও সহানুভূতি প্রকাশ করেন। এ বিষয়ে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী প্রশাসন ও সমাজের বিত্তবানদের সহযোগিতা কামনা করেছেন।

জেএইচআর