দেশের উন্নয়ন ও কর্মসংস্থান বৃদ্ধিতে কারিগরি শিক্ষার গুরুত্ব দিন দিন বাড়ছে। দক্ষ জনশক্তি তৈরির মাধ্যমে দেশকে আরও এগিয়ে নিতে কারিগরি শিক্ষার সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেছেন মাগুরার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল কাদের।
বুধবার মাগুরা অডিটোরিয়ামে অনুষ্ঠিত ‘মানসম্মত কারিগরি শিক্ষা সম্প্রসারণ ও ইন্ডাস্ট্রি লিংকেজ বৃদ্ধিকরণ’ বিষয়ক দিনব্যাপী কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কর্মশালার আয়োজন করে মাগুরা সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ।
আব্দুল কাদের বলেন, বর্তমানে দেশে ও বিদেশে দক্ষ জনশক্তির ব্যাপক চাহিদা রয়েছে। সেই চাহিদা পূরণে কারিগরি শিক্ষাকে আরও জনপ্রিয় ও যুগোপযোগী করে তুলতে হবে। শুধু সনদ অর্জন নয়, শিক্ষার্থীদের বাস্তব দক্ষতা অর্জনের মাধ্যমে কর্মক্ষেত্রের জন্য প্রস্তুত করতে হবে। শিল্পপ্রতিষ্ঠান ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে কার্যকর সংযোগ স্থাপন করা গেলে শিক্ষার্থীরা প্রশিক্ষণ, ইন্টার্নশিপ এবং কর্মসংস্থানের অধিক সুযোগ পাবে। এতে একদিকে যেমন বেকারত্ব কমবে, অন্যদিকে দেশের অর্থনৈতিক উন্নয়নেও ইতিবাচক প্রভাব পড়বে।
কর্মশালায় সভাপতিত্ব করেন মাগুরা সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ প্রকৌশলী মো. সাজেদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন মাগুরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ আবু সাঈদ মোল্লা, মাগুরা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী মো. মনির হোসেন এবং শিক্ষা প্রকৌশল অধিদপ্তর মাগুরার নির্বাহী প্রকৌশলী মো. হারুন অর রশিদ।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ড. মোহাম্মদ আনিসুর রহমান মৃধা। প্রধান আলোচক ছিলেন মোহাম্মদপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ বনবাসী বর্মন। এ ছাড়া কারিগরি শিক্ষা অধিদপ্তরের এএসএসইটি (ASSET) প্রকল্পের সংযুক্ত কর্মকর্তা মোহাম্মদ মিরাজুল ইসলাম এবং মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক বক্তব্য দেন।
দিনব্যাপী এই কর্মশালায় জেলার সরকারি ও বেসরকারি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ১২০ জন প্রতিনিধি, শিক্ষক, সুধীজন ও সংবাদকর্মী অংশ নেন।
জেএইচআর