ফরিদগঞ্জে লোডশেডিং ও বাড়তি বিলের ক্ষোভে বিদ্যুৎ কর্মী নিগৃহীত

শিমুল হাছান, ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রকাশিত: জুন ২৪, ২০২৬, ০৬:২১ পিএম

চাঁদপুরের ফরিদগঞ্জে তীব্র লোডশেডিং ও অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদকে কেন্দ্র করে পল্লী বিদ্যুতের এক কর্মীকে মারধর ও আটকে রাখার অভিযোগ উঠেছে। মঙ্গলবার উপজেলার চির্কা গ্রামে অবস্থিত পল্লী বিদ্যুতের উপকেন্দ্রে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়দের সহযোগিতায় ওই কর্মীকে উদ্ধার করে বিদ্যুৎ বিভাগ। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর ফরিদগঞ্জ জোনাল কার্যালয়ের আওতাধীন চির্কা উপকেন্দ্রে মঙ্গলবার সকালে দায়িত্ব পালন করছিলেন লাইনম্যান মো. ইব্রাহিম ও মো. আব্দুল কাদের। সকাল সাড়ে ১০টার দিকে একদল যুবক উপকেন্দ্রে প্রবেশ করে প্রথমে ইব্রাহিমকে মারধর করে। পরে তারা আব্দুল কাদেরকে জোরপূর্বক তুলে নিয়ে উত্তর ধানুয়া গ্রামে আটকে রাখে। ঘটনার খবর পেয়ে পল্লী বিদ্যুতের সহকারী জেনারেল ম্যানেজার (ওঅ্যান্ডএম) মোহাম্মদ নাজির উল্লাহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সহায়তায় সমঝোতা বৈঠক করেন এবং সেখান থেকে আব্দুল কাদেরকে উদ্ধার করেন।

লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে, হামলাকারীরা আব্দুল কাদেরকে মারধরের পাশাপাশি তাঁর কাছে থাকা ২৩ হাজার ৫০০ টাকা ছিনিয়ে নেয় এবং ব্যবহৃত মোবাইল ফোন ভাঙচুর করে। এ ঘটনায় ওই রাতেই পল্লী বিদ্যুতের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মো. সাইফুল আলম বাদী হয়ে চারজনের নাম উল্লেখ করে ফরিদগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

এদিকে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে ফরিদগঞ্জে ঘণ্টার পর ঘণ্টা লোডশেডিং চলছে। পাশাপাশি বিদ্যুৎ বিলও অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে। এসব বিষয়ে সমাধান চাইতে গেলে অনেক সময় পল্লী বিদ্যুতের কর্মকর্তা-কর্মচারীদের অসহযোগিতা ও দুর্ব্যবহারের শিকার হতে হয়। স্থানীয় বাসিন্দা বিল্লাল হোসেন, আব্দুল আওয়াল ও মিন্টু মিয়াসহ কয়েকজন বলেন, বিদ্যুৎ থাকে না, কিন্তু বিল কয়েকগুণ বেড়ে গেছে। অভিযোগ করলেও কোনো প্রতিকার পাওয়া যায় না।

স্থানীয় সমাজসেবক মেহেদী হাসান মঞ্জু বলেন, আমাদের এলাকায় ভয়াবহ লোডশেডিং চলছে। কোনো ধরনের পূর্বঘোষণা ছাড়াই ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ থাকে না। ঘটনার দিন স্থানীয়রা উপকেন্দ্রে গেলে লাইনম্যান আব্দুল কাদের তাঁদের সঙ্গে দুর্ব্যবহার করেন বলে অভিযোগ রয়েছে। এতে ক্ষুব্ধ হয়ে কিছু লোক তাঁকে নিয়ে যায়। পরে স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হয়।

স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহআলম শেখ বলেন, সাম্প্রতিক সময়ে অতিরিক্ত লোডশেডিং ও বাড়তি বিদ্যুৎ বিল নিয়ে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক ক্ষোভ রয়েছে। সমাধানের জন্য সংশ্লিষ্টদের কাছে গেলেও অনেক সময় কার্যকর পদক্ষেপ দেখা যায় না। তবে আইন নিজের হাতে তুলে নেওয়ার কোনো সুযোগ নেই।

এ বিষয়ে জানতে চাইলে পল্লী বিদ্যুতের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. সাইফুল আলম বলেন, ঘটনার বিষয়ে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ফরিদগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আল আমিন বলেন, পল্লী বিদ্যুতের এক কর্মীকে মারধর ও আটকে রাখার অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

জেএইচআর