‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা গড়বে আগামীর শুদ্ধতা’ এই স্লোগান সামনে রেখে শিক্ষার্থীদের মাঝে সততা, নৈতিকতা ও দুর্নীতিবিরোধী মূল্যবোধ জাগ্রত করার লক্ষ্যে কুড়িগ্রামের ফুলবাড়ীতে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দিনব্যাপী উপজেলা প্রশাসনের সহযোগিতায় দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত জেলা কার্যালয়, কুড়িগ্রাম ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
উপজেলা পর্যায়ের এই প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। বিতর্কে পক্ষ ও বিপক্ষ দলের শিক্ষার্থীরা দুর্নীতি প্রতিরোধে জনসচেতনতা, নৈতিক শিক্ষা এবং সুশাসনের গুরুত্ব তুলে ধরে নানামুখী যুক্তি উপস্থাপন করেন। এতে বড়ভিটা উচ্চ বিদ্যালয়কে হারিয়ে ফুলবাড়ী আদর্শ উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে মেডেল ও ক্রেস্ট তুলে দেওয়া হয়।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি হোসেন আলীর সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দিলারা আকতার, উপজেলা মৎস্য কর্মকর্তা হাফিজুর রহমান, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আব্দুস সালাম, উপজেলা আইসিটি কর্মকর্তা রফিকুল ইসলাম এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিবসহ আরও অনেকে।
জেএইচআর