মেহেন্দিগঞ্জে দুর্নীতি দমন কমিশনের (দুদক) উদ্যোগে গণসচেতনতা সৃষ্টি ও সততা চর্চায় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১২টায় উপজেলা মিলনায়তনে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় ৫টি শিক্ষাপ্রতিষ্ঠান অংশগ্রহণ করে। প্রতিষ্ঠানগুলো হলো- পাতারহাট ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসা, সরকারি পাতারহাট মুসলিম মডেল উচ্চ বিদ্যালয়, পাতারহাট বালিকা মাধ্যমিক বিদ্যালয়, উলানিয়া করোনেশন মাধ্যমিক বিদ্যালয় এবং কালিকাপুর রমিজ উদ্দিন স্মৃতি মাধ্যমিক বিদ্যালয়।
প্রতিযোগিতায় সরকারি পাতারহাট মুসলিম মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের হারিয়ে পাতারহাট ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার শিক্ষার্থীরা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে এবং মুসলিম মডেল উচ্চ বিদ্যালয় রানার্সআপ হয়।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. জিয়াউদ্দিন সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রিয়াজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক গিয়াস উদ্দিন দিপেন। অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব সিহাব আহাম্মেদ সেলিম এবং পৌর বিএনপির সদস্য সচিব রিয়াজ উদ্দিন চৌধুরী দিনু।
বিতর্ক প্রতিযোগিতায় মডারেটরের দায়িত্ব পালন করেন মেহেন্দিগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মহিউদ্দিন। বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন- উপজেলা সমবায় কর্মকর্তা শেখ জাহিদুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মিরাজ আহাম্মেদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খন্দকার শরীফা আক্তার এবং উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. সেলিম। অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন মেহেন্দিগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান পলাশ।
প্রতিযোগিতা শেষে অংশ গ্রহণকারী বিজয়ী ও বিজিত শিক্ষার্থীদের মাঝে মেডেল ও পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথিসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ।
জেএইচআর