প্রবাসীকল্যাণমন্ত্রী

সারওয়ার আলমের বদলি মাজার সম্পর্কিত নয়

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: জুন ২৪, ২০২৬, ০৯:১৬ পিএম

সিলেটের সদ্য বিদায়ী জেলা প্রশাসক (ডিসি) মো. সারওয়ার আলমের বদলিকে কেন্দ্র করে চলমান আলোচনার বিষয়ে মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি বলেছেন, সারওয়ার আলমের বদলি একটি নিয়মিত প্রশাসনিক প্রক্রিয়ার অংশ, এর সঙ্গে মাজার-সংশ্লিষ্ট কোনো বিষয় জড়িত নয়।

বুধবার (২৪ জুন) সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।

আরিফুল হক চৌধুরী বলেন, সারওয়ার আলমের বদলি রুটিন ওয়ার্ক। এটি আগে বা পরে-যেকোনো সময়ই হতে পারত। বিষয়টিকে মাজারের ঘটনার সঙ্গে যুক্ত করার সুযোগ নেই।

সদ্য বিদায়ী ডিসি সারওয়ার আলমের কাজের প্রশংসা করে তিনি বলেন, “তিনি আমাদের চোখ খুলে দিয়েছেন।” পাশাপাশি হযরত শাহজালাল (রহ.) মাজারের ব্যবস্থাপনায় আরও বেশি স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সরকার কাজ করবে বলেও জানান মন্ত্রী।

তিনি আরও বলেন, মাজার ব্যবস্থাপনায় সুশাসন প্রতিষ্ঠা এবং অনিয়ম প্রতিরোধে সরকার বদ্ধপরিকর। এ বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

এম জি