ঝালকাঠিতে এইচএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

ঝালকাঠি প্রতিনিধি প্রকাশিত: জুন ২৪, ২০২৬, ০৯:১৮ পিএম

ঝালকাঠিতে ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষা সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার বিকেল ৪টায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন। সভায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্দেশে নির্দেশনামূলক বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শাকিলা রহমান।

সভায় বক্তব্য দেন- সিভিল সার্জন মোহাম্মদ হুমায়ুন কবির, ঝালকাঠি সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ ইলিয়াস বেপারী, জেলা শিক্ষা কর্মকর্তা মো. আবু ছাঈদ, রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা মৌরি এবং ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট মো. আককাস সিকদার। এ ছাড়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় জেলার বিভিন্ন পরীক্ষা কেন্দ্রের প্রস্তুতি, পরীক্ষার্থীদের নিরাপত্তা, প্রশ্নপত্র পরিবহন ও সংরক্ষণ, কেন্দ্রগুলোর আইনশৃঙ্খলা পরিস্থিতি, বিদ্যুৎ সরবরাহ, স্বাস্থ্যসেবা এবং নকল প্রতিরোধে করণীয় বিষয় নিয়ে আলোচনা হয়। পরীক্ষা চলাকালে কেন্দ্রের আশপাশে অনাকাঙ্ক্ষিত ভিড় নিয়ন্ত্রণ, কোচিং সেন্টার-সংক্রান্ত সরকারি নির্দেশনা বাস্তবায়ন এবং ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম পরিচালনার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।

জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন বলেন, পরীক্ষার্থীরা যাতে নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা দিতে পারে, সে জন্য প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে। তিনি সংশ্লিষ্ট দপ্তর ও কর্মকর্তাদের সমন্বয়ের মাধ্যমে পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার নির্দেশনা দেন।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জেলায় এইচএসসি ও সমমান পরীক্ষার জন্য মোট ২৩টি কেন্দ্র নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে এইচএসসি পরীক্ষার ১১টি, আলিমের ৬টি, এইচএসসি (ভোকেশনাল) ১টি এবং এইচএসসি (বিএম) পরীক্ষার ৫টি কেন্দ্র রয়েছে।

জেলায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ৭ হাজার ৩৬১ জন। এর মধ্যে ঝালকাঠি সদরে ৮টি কেন্দ্রে ৩ হাজার ৬৪ জন, নলছিটিতে ৬টি কেন্দ্রে ১ হাজার ৭৯৩ জন, রাজাপুরে ৪টি কেন্দ্রে ১ হাজার ৩৫৫ জন এবং কাঠালিয়ায় ৫টি কেন্দ্রে ১ হাজার ১৪৯ জন পরীক্ষার্থী অংশ নেবে।

জেএইচআর