মাদক-সন্ত্রাস দমনে ব্যবস্থা না নিলে এমপি পদ ছাড়ার হুঁশিয়ারি মনিরুল হকের

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: জুন ২৬, ২০২৬, ০২:৫১ পিএম

কুমিল্লার গোলাবাড়ি এলাকায় মাদক ও সন্ত্রাস দমনে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়ে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী। তিনি বলেছেন, প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ব্যর্থ হলে জনগণকে সঙ্গে নিয়ে লং মার্চ করবেন। এমনকি সরকার কার্যকর পদক্ষেপ না নিলে সংসদ সদস্য পদ থেকেও সরে দাঁড়ানোর ঘোষণা দেন তিনি।

শুক্রবার দুপুরে কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে ‘মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মনিরুল হক চৌধুরী বলেন, জঙ্গল সলিমপুর নিয়ন্ত্রণ করা সম্ভব হলে গোলাবাড়ি কেন নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না, সেটি প্রশ্নের বিষয়। তাঁর দাবি, ওই এলাকার মূল অপরাধীদের বিরুদ্ধে এখনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। কাউকে অসন্তুষ্ট হওয়ার আশঙ্কায় আইন প্রয়োগে পিছিয়ে থাকলে তা গ্রহণযোগ্য নয়।

জেলা প্রশাসক ও পুলিশ সুপারের উদ্দেশে তিনি বলেন, গোলাবাড়ির মূল অপরাধীদের তালিকা তৈরি করে দ্রুত আইনগত ব্যবস্থা নিতে হবে। প্রশাসন যদি তা করতে না পারে, তাহলে তিনি নিজেই পরবর্তী পদক্ষেপ নেবেন।

সংসদ সদস্য আরও বলেন, প্রয়োজন হলে গোলাবাড়িতে ১০ হাজার মানুষ নিয়ে লং মার্চ করা হবে। মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কোনো ধরনের আপস করা হবে না। সরকার যদি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে ব্যর্থ হয়, তবে তিনি সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করবেন।

কুমিল্লা জেলা প্রশাসক রেজা হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক বজলুর রহমান সঞ্চালনা করেন। অনুষ্ঠানে কুমিল্লা বিজিবির সহকারী পরিচালক নজরুল ইসলাম, পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট কাইউমুল হক রিংকু, অধ্যক্ষ শরীফুল ইসলাম, লাকসাম সার্কেলের সহকারী পুলিশ সুপার সনদ বড়ুয়া, আদর্শ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা, সদর দক্ষিণ উপজেলার নির্বাহী কর্মকর্তা সুজন চন্দ্র রায়সহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

এম জি