মাটিরাঙ্গায় বেগম জিয়া স্মৃতি ফুটবলে চ্যাম্পিয়ন পূর্ব খেদাছড়া টাইগার একাদশ

জসীম উদ্দিন জয়নাল, পার্বত্যাঞ্চল প্রকাশিত: জুন ২৬, ২০২৬, ০৯:০৩ পিএম

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে 'বেগম জিয়া স্মৃতি ফুটবল কাপ টুর্নামেন্ট'-এর জমকালো ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার বিকেল ৪টার দিকে আলুটিলা বটতলী উচ্চ বিদ্যালয় মাঠে পৌরসভার ১নং ওয়ার্ড ছাত্রদলের উদ্যোগে এই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। এবারের টুর্নামেন্টে মোট ৮টি দল অংশগ্রহণ করে।

মাঠের তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনাল ম্যাচে আলুটিলা বটতলী রিমিনী একাদশকে ৩-২ গোলের ব্যবধানে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে পূর্ব খেদাছড়া টাইগার একাদশ। রানার্স-আপ হয় আলুটিলা বটতলী রিমিনী একাদশ।

১নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি মো. সাব্বির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফাইনাল খেলার উদ্বোধন করেন খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি মো. নাছির আহম্মদ চৌধুরী। খেলা শেষে তিনি চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির কর্মসংস্থান বিষয়ক সম্পাদক বাদশা মিয়া, মাটিরাঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম পাটোয়ারী, পৌর বিএনপির সহ-সভাপতি মো. জামাল উদ্দিন এবং সাবেক পৌর বিএনপির সহ-সভাপতি আব্দুল মালেক।

বিশেষ অতিথির বক্তব্যে মাটিরাঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম পাটোয়ারী বলেন, “যুব সমাজকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখার অন্যতম বড় মাধ্যম খেলাধুলা। দেশের উন্নয়নে এবং মানুষের কল্যাণে বেগম খালেদা জিয়ার অবদান আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি। আজকের এই আয়োজন তাঁর স্মৃতির প্রতি আমাদের এক অনন্য ভালোবাসা ও শ্রদ্ধার বহিঃপ্রকাশ।”

প্রধান অতিথির বক্তব্যে খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি মো. নাছির আহম্মদ চৌধুরী বলেন, “যুবসমাজকে মাদক, অপরাধ ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। তৃণমূল পর্যায়ে ফুটবলের জোয়ার ফিরিয়ে আনতে এবং নতুন খেলোয়াড় তৈরিতে এই ধরনের টুর্নামেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।” চমৎকার এই আয়োজন সফলভাবে সম্পন্ন করায় তিনি আয়োজক কমিটি, খেলোয়াড় ও স্থানীয় দর্শকদের আন্তরিক ধন্যবাদ জানান।

জমকালো এই ফাইনাল খেলায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ, ক্রীড়া সংগঠক, গণমাধ্যমকর্মী এবং বিপুল সংখ্যক ফুটবলপ্রেমী দর্শক উপস্থিত থেকে খেলাটি উপভোগ করেন।

জেএইচআর