চুয়াডাঙ্গার জীবননগরে মায়ের দুধ খাওয়ার পর শ্বাসনালীতে তা আটকে মেঘলা ঘোষ নামে তিন মাস বয়সী এক কন্যাসন্তানের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার ভোরে জীবননগর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের প্রাইমারি স্কুলপাড়ায় এই হৃদয়বিদারক ঘটনাটি ঘটে।
নিহত শিশু মেঘলা ঘোষ ওই এলাকার বাসিন্দা মাধু ঘোষ ও সরস্বতী ঘোষ দম্পতির ছোট মেয়ে।
শিশুটির মা সরস্বতী ঘোষ জানান, শুক্রবার দিবাগত রাত আনুমানিক ৪টার দিকে তিনি মেঘলাকে দুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দেন। পরে ভোরের দিকে শিশুটির বাবা ঢাকা থেকে বাড়িতে ফিরে মেয়েকে কোলে নেওয়ার পর তার শরীর অস্বাভাবিক ও নিস্তেজ মনে হয়। একপর্যায়ে দেখা যায় শিশুটির মুখমণ্ডল কালচে হয়ে গেছে এবং হাত-পা পুরোপুরি অবশ। এ অবস্থায় দ্রুত তাকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তৌহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভোরে ওই শিশুটিকে হাসপাতালে আনা হয়েছিল। তবে পরীক্ষা-নিরীক্ষা শেষে দেখা যায়, হাসপাতালে আনার প্রায় ১ থেকে ২ ঘণ্টা আগেই তার মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে আমাদের ধারণা, মায়ের দুধ খাওয়ার পর তা শ্বাসনালীতে আটকে দম বন্ধ হয়ে শিশুটির মৃত্যু হয়েছে।
জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোলায়মান শেখ বলেন, কন্যাসন্তানটির মৃত্যুর বিষয়টি আমরা অবগত হয়েছি। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক ও আশঙ্কাজনক। এ ধরনের ঘটনায় অভিভাবকদের আরও সচেতন হওয়া প্রয়োজন।
জেএইচআর