টাঙ্গাইলের নাগরপুর থানায় সদ্য যোগদান করা অফিসার ইনচার্জ (ওসি) মো. জহুরুল ইসলাম মাদক নির্মূলে ‘জিরো টলারেন্স’ (শূন্য সহনশীলতা) নীতিতে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। তিনি স্পষ্ট জানিয়েছেন, মাদক ব্যবসায়ী, মাদকসেবী বা মাদক-সংশ্লিষ্ট কোনো অপরাধীর বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।
শনিবার নাগরপুর থানায় জাতীয় সাংবাদিক সংস্থা, নাগরপুর উপজেলা ইউনিটের সাংবাদিকদের দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।
ওসি মো. জহুরুল ইসলাম বলেন, মাদক একটি ভয়াবহ সামাজিক ব্যাধি, যা তরুণ সমাজসহ পুরো সমাজব্যবস্থার জন্য হুমকিস্বরূপ। এটি নির্মূলে পুলিশের নিয়মিত অভিযানের পাশাপাশি সাধারণ মানুষের সচেতনতা ও সম্মিলিত সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি নাগরপুরবাসীকে আশ্বস্ত করে বলেন, কেউ মাদকসংক্রান্ত কোনো তথ্য জানলে নির্ভয়ে পুলিশকে জানাতে পারেন। তথ্যদাতার পরিচয় সর্বোচ্চ গোপনীয়তার সঙ্গে সংরক্ষণ করা হবে এবং প্রাপ্ত তথ্যের ভিত্তিতে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে।
তরুণ প্রজন্মকে মাদকের ছোবল থেকে রক্ষা করতে নাগরপুর থানা নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালনার পাশাপাশি জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখবে বলে জানান ওসি। একই সঙ্গে সন্তানদের চলাফেরা ও বন্ধু নির্বাচনের প্রতি অভিভাবকদের আরও সচেতন থাকার আহ্বান জানান তিনি।
নাগরপুরবাসীর উদ্দেশে ওসি মো. জহুরুল ইসলাম বলেন, “মাদকমুক্ত নাগরপুর গড়তে পুলিশের পাশাপাশি জনগণেরও সক্রিয় সহযোগিতা প্রয়োজন। আপনাদের সহযোগিতা পেলে মাদকসহ সব ধরনের অপরাধ দমনে আরও কার্যকরভাবে কাজ করা সম্ভব হবে।”
সাক্ষাৎকার শেষে জাতীয় সাংবাদিক সংস্থা, নাগরপুর উপজেলা ইউনিটের উপস্থিত সাংবাদিকরা নবাগত ওসিকে ফুলেল শুভেচ্ছা ও স্বাগত জানান। তাঁরা নাগরপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, মাদক নির্মূল এবং জনবান্ধব পুলিশিং নিশ্চিত করতে ওসির সফলতা কামনা করেন। জবাবে ওসি সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে আইনশৃঙ্খলা রক্ষা ও জনস্বার্থে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে গণমাধ্যমের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
জেএইচআর