মাগুরায় ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ কার্যক্রমের প্রথম দিনের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ পরীক্ষা সম্পন্ন হয়েছে। শনিবার সকালে মাগুরা পুলিশ লাইন্স মাঠে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
জেলা পুলিশ সূত্রে জানা যায়, ‘সেবার ব্রতে চাকরি’ প্রতিপাদ্যকে সামনে রেখে সকাল ৮টা থেকে জেলার প্রার্থীদের শারীরিক মাপ ও প্রয়োজনীয় কাগজপত্র যাচাই কার্যক্রম শুরু হয়। পুরো প্রক্রিয়া স্বচ্ছতা ও নিরপেক্ষতার সঙ্গে সম্পন্ন করা হয়।
নিয়োগ বোর্ডের সভাপতি ও মাগুরার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন (পিপিএম-সেবা) সরেজমিনে উপস্থিত থেকে কার্যক্রম তদারকি করেন। এ সময় পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন স্পেশাল ব্রাঞ্চের পুলিশ সুপার (এস্টেট অ্যান্ড ডেভেলপমেন্ট) মোবারক হোসেন (বিপিএম)।
এ ছাড়া জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ নিয়োগ কার্যক্রমে দায়িত্বপ্রাপ্ত বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন বলেন, “যোগ্য, মেধাবী ও শারীরিকভাবে সক্ষম প্রার্থীদের বাছাই করতে সম্পূর্ণ স্বচ্ছ ও জবাবদিহিমূলক পদ্ধতিতে নিয়োগ কার্যক্রম পরিচালিত হচ্ছে। কোনো ধরনের তদবির বা প্রভাবের সুযোগ নেই। মেধা ও যোগ্যতার ভিত্তিতেই প্রার্থীদের মূল্যায়ন করা হবে।”
জেলা পুলিশ জানিয়েছে, শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের জন্য আগামী ২৮ জুন মাগুরা পুলিশ লাইন্স মাঠে ফিজিক্যাল এন্ডিউরেন্স টেস্ট (পিইটি) অনুষ্ঠিত হবে।
এএন