সারাদেশের মতো নারায়ণগঞ্জেও শুরু হয়েছে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬। রোববার সকালে নারায়ণগঞ্জ সদর উপজেলা স্থায়ী টিকাদান কেন্দ্রে ক্যাম্পেইনের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. রায়হান কবির।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডা. মশিউর রহমান এবং নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস. এম. ফয়েজ উদ্দিন।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জেলার সব স্থায়ী ও অস্থায়ী কেন্দ্রে ৬ মাস থেকে ৫ বছর বয়সী শিশুদের নীল ও লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, ভিটামিন ‘এ’ শিশুর দৃষ্টিশক্তি রক্ষা করে, রোগ প্রতিরোধক্ষমতা বৃদ্ধি করে এবং শিশুমৃত্যুর ঝুঁকি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আপনার শিশুকে অবশ্যই নিকটস্থ কেন্দ্রে নিয়ে এসে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ান। নারায়ণগঞ্জে ৬ মাস থেকে ৫ বছর বয়সী কোনো শিশু যেন এই কর্মসূচি থেকে বাদ না পড়ে, তা নিশ্চিত করতে প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ সমন্বিতভাবে কাজ করছে।
তিনি আরও বলেন, আপনার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ান। আপনার শিশুর স্বাস্থ্য, আমাদের অঙ্গীকার। একটি সুস্থ প্রজন্মই গড়ে তুলবে আগামীর সমৃদ্ধ নারায়ণগঞ্জ।
জেলা সিভিল সার্জন ডা. মশিউর রহমান জানান, এ বছর জেলায় প্রায় ৫ লাখ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
এ সময় জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তা এবং বিভিন্ন এনজিওর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এম জি