জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী বলেছেন, সরকার বাঁকা পথে ক্ষমতায় এসেছে। আমরা সরকারকে বলে দিয়েছি, ১০টি বিভাগীয় সভা করে সরকারের পদত্যাগের আন্দোলনে যাব।
রোববার (২৮ জুন) বিকেলে মৌলভীবাজারের বড়লেখা উপজেলা জেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সরকারের সাফল্যের বিরোধিতা করা হচ্ছে কি না-এমন প্রশ্নের উত্তরে নাসিরুদ্দিন পাটোয়ারী বলেন, সরকার বাঁকা পথে ক্ষমতায় এসেছে। আমরা সরকারকে জানিয়ে দিয়েছি, ১০টি বিভাগীয় সভা করে সরকারের পদত্যাগের আন্দোলন করব।
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক সীমান্তে অব্যাহত হত্যাকাণ্ডের প্রতিবাদ এবং সাংগঠনিক কর্মসূচির অংশ হিসেবে এনসিপির কেন্দ্রীয় নেতারা বড়লেখা সফর করেন।
এর আগে বিকেলে বড়লেখায় পৌঁছে কেন্দ্রীয় নেতারা বড়লেখা বাজার জামে মসজিদে আসরের নামাজ আদায় করেন। নামাজ শেষে মসজিদ প্রাঙ্গণে নেতাকর্মী ও সাধারণ মানুষকে নিয়ে ভারতের সীমান্ত আগ্রাসনের বিরুদ্ধে বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন। এ সময় ‘দিল্লি না ঢাকা-ঢাকা, ঢাকা’ এবং ‘গোলামি না আজাদি-আজাদি, আজাদি’ স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।
মতবিনিময় সভায় নাসিরুদ্দিন পাটোয়ারী দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, ১১ দলের জোটের ভূমিকা, গণতন্ত্র, জনগণের মৌলিক অধিকার এবং তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করার বিষয়ে দিকনির্দেশনা দেন।
অনুষ্ঠান শেষে সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ইলিয়াস আলীকে গুম করা হয়েছে। এই নির্মম ও জঘন্য ঘটনার সুষ্ঠু তদন্ত হওয়া উচিত এবং এর সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে।
বড়লেখা উপজেলা এনসিপির উদ্যোগে আয়োজিত এ সভায় স্থানীয় নেতাকর্মী, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক ও বিপুলসংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা সীমান্ত হত্যা বন্ধ এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় জাতীয় ঐক্যের আহ্বান জানান।
সভায় সভাপতিত্ব করেন বড়লেখা উপজেলা জামায়াতের নায়েবে আমির ফয়ছল আহমদ। বক্তব্য দেন বড়লেখা উপজেলা জামায়াতের আমির মাওলানা এমাদুল ইসলাম, মৌলভীবাজার জেলা এনসিপির যুগ্ম সমন্বয়ক তামিম আহমদ এবং খেলাফত মজলিসের নেতা এম এম আতিকুর রহমান। এছাড়াও জামায়াত ও এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
অন্যদিকে, এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারীর বক্তব্যের প্রতিবাদ জানাতে বড়লেখা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদির পলাশ, সদস্য সচিব ইকবাল হোসেন এবং স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রায়হান মো. মুজিব ও সদস্য সচিব আব্দুল মালিকের নেতৃত্বে শতাধিক নেতাকর্মী পৃথকভাবে জড়ো হন। তাদের দাবি, পাটোয়ারীর বক্তব্য উসকানিমূলক।
এম জি