গোয়ালন্দে জাতীয় ভিটামিন ‍‍‘এ‍‍’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন 

মো. সাজ্জাদ হোসেন, গোয়ালন্দ (রাজবাড়ী) প্রকাশিত: জুন ২৮, ২০২৬, ০৭:৫৫ পিএম

রাজবাড়ীর গোয়ালন্দে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। দিনব্যাপী এ কর্মসূচিতে উপজেলার ১৭ হাজারের বেশি শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

রোববার (২৮ জুন) সকাল ৮টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনুষ্ঠানিকভাবে শিশুদের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাইয়ে ক্যাম্পেইনের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাথী দাস।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মারুফ হাসান।

জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে পরিচালিত এ কর্মসূচি সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলে। উপজেলার কোনো শিশু যাতে এই কর্মসূচি থেকে বাদ না পড়ে, সে লক্ষ্যে ৯৬টি কেন্দ্রে একযোগে ক্যাম্পেইন পরিচালিত হয়।

উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, গোয়ালন্দ উপজেলার চারটি ইউনিয়ন ও একটি পৌরসভায় স্থাপিত ৯৬টি কেন্দ্রে ৬ থেকে ১১ মাস বয়সী ২ হাজার ২৭৫ শিশুকে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ১৪ হাজার ৭৮০ শিশুকে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মারুফ হাসান বলেন, ভিটামিন ‘এ’ ক্যাপসুল শিশুদের অন্ধত্ব প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাশাপাশি এটি শিশুর স্বাভাবিক শারীরিক বৃদ্ধি নিশ্চিত করে, শিশুমৃত্যুর হার কমাতে সহায়তা করে এবং হাম, ডায়রিয়া ও নিউমোনিয়াজনিত মৃত্যুঝুঁকি উল্লেখযোগ্যভাবে হ্রাস করে।

এম জি