টাঙ্গাইল পৌর শহরের বিশ্বাস বেতকা এলাকায় নিজ বাড়িতে হাত পা বাঁধা অবস্থায় নাজমা আলম নাজু (৫১) নামে এক মধ্যবয়সী নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
রোববার দুপুরে বাড়ির ভেতরে তার মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।
নিহত নাজমা আলম নাজু ওই এলাকার বাসিন্দা এবং শফিউল আলম শাহীনের স্ত্রী। ঘটনার পর পুলিশ হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের শনাক্ত করতে তদন্ত শুরু করেছে।
টাঙ্গাইল সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এইচ. এম. মাহবুব রেজওয়ান সিদ্দিকী জানান, নিজ বাড়িতে নাজমা আলম নাজুকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। তবে কী কারণে এবং কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা এখনো জানা যায়নি। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।
পুলিশ জানিয়েছে, দ্রুত হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের আইনের আওতায় আনতে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।
এএন