রাজশাহীতে র‍্যাবের অভিযানে জাল নোট ও ইয়াবাসহ গ্রেপ্তার ১

রাকিবুল হাসান, রাজশাহী প্রকাশিত: জুন ২৯, ২০২৬, ০১:৪৫ পিএম

রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাট বাজার এলাকায় একটি সমবায় সমিতির কার্যালয়ে অভিযান চালিয়ে ৯৭ হাজার টাকার জাল নোট ও ৩৮৭ পিস ইয়াবা উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৫)। এ সময় সমিতির এক কর্মচারীকে গ্রেপ্তার করা হয়েছে। তবে সমিতির মালিক পলাতক রয়েছেন।

সোমবার র‍্যাব-৫-এর কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রবিবার সন্ধ্যা ৭টা থেকে সাড়ে ৭টার মধ্যে মোহনপুর উপজেলার কেশরহাট বাজার সমবায় স্কুল মার্কেটের দ্বিতীয় তলায় অবস্থিত লাল গোলাপ সমবায় সমিতি লিমিটেড-এর কার্যালয়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়।

অভিযানে সমিতির কার্যালয় থেকে ৯৭ হাজার টাকার জাল নোট এবং ৩৮৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় সমিতির কর্মচারী নায়েব আলীকে গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গ্রেপ্তারকৃত নায়েব আলীকে উদ্ধার হওয়া আলামতসহ মোহনপুর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও জাল নোট সংক্রান্ত প্রচলিত আইনে মামলা দায়ের করা হয়েছে।

এদিকে, সমিতির মালিক রাজু পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে বলে র‍্যাব জানিয়েছে।

জেএইচআর