ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। সোমবার সকালে ভাঙ্গা পৌরসভার হোগলাডাঙ্গী সদরদী গ্রামে এ ঘটনা ঘটে।
আহত হানিফ শেখ (২২) উপজেলার পুখুরিয়া এলাকার রফিক শেখের ছেলে এবং পেশায় একজন ব্যবসায়ী। অভিযুক্ত স্ত্রী সুমাইয়া আক্তার (২২) একই উপজেলার মানিকদহ ইউনিয়নের পুখুরিয়া এলাকার বাসিন্দা। সম্প্রতি তারা হোগলাডাঙ্গী সদরদী গ্রামের একটি ভাড়া বাসায় বসবাস শুরু করেছিলেন।
স্থানীয়দের তথ্য অনুযায়ী, প্রায় দেড় মাস আগে ওই দম্পতি বদিউজ্জামানের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে ওঠেন। এরপর থেকেই তাদের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে প্রায়ই পারিবারিক কলহ চলছিল। রোববার (২৮ জুন) রাতেও স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। এর জের ধরে সোমবার সকালে স্বামী ঘুমিয়ে থাকা অবস্থায় ধারালো অস্ত্র দিয়ে তার গোপনাঙ্গ কেটে দেন বলে অভিযোগ রয়েছে।
হানিফ শেখের চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করেন। প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ঘটনার পর স্থানীয় লোকজন সুমাইয়া আক্তারকে আটক করে রাখেন। পরে খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে নিজেদের হেফাজতে নিয়ে থানায় নিয়ে যায়।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, খবর পাওয়ার পর অভিযুক্ত নারীকে আটক করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
এএন