কিশোরগঞ্জের সৈয়দ আশরাফুল ইসলাম পৌর মহিলা কলেজের সামনে স্থায়ীভাবে ময়লা ফেলা বন্ধ এবং পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর শিক্ষার পরিবেশ নিশ্চিত করার দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। সোমবার সকালে কলেজের প্রধান ফটকের সামনে এই কর্মসূচি পালন করা হয়।
ঘণ্টাব্যাপী এই মানববন্ধনে শিক্ষার্থীরা পরিষ্কার-পরিচ্ছন্নতার পক্ষে বিভিন্ন সচেতনতামূলক স্লোগানসংবলিত ব্যানার হাতে অংশ নেন।
শিক্ষার্থীরা জানান, কলেজের প্রধান ফটকের সামনে স্থানীয়দের ফেলা ময়লা-আবর্জনার স্তূপ থেকে তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। এতে শিক্ষক-শিক্ষার্থীদের নাকে রুমাল চেপে কলেজে প্রবেশ করতে হচ্ছে। একদিকে আসন্ন এইচএসসি পরীক্ষার প্রস্তুতি, অন্যদিকে দুর্গন্ধ ও পরিবেশ দূষণের কারণে তাঁদের চরম স্বাস্থ্যঝুঁকিসহ মানসিক অস্বস্তির সৃষ্টি হচ্ছে। এই ভোগান্তির প্রতিবাদ জানাতেই তাঁরা রাস্তায় নামতে বাধ্য হয়েছেন।
শিক্ষার্থীদের দাবির প্রতি পূর্ণ একাত্মতা প্রকাশ করেছেন কলেজের শিক্ষকরাও। তাঁরা বলেন, “আসন্ন এইচএসসি পরীক্ষাকে সামনে রেখে শিক্ষার্থীদের জন্য সুস্থ, পরিচ্ছন্ন ও সুন্দর শিক্ষার পরিবেশ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। একটি নারী শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ফটকের সামনে দীর্ঘদিন ধরে ময়লা-আবর্জনা ফেলা অত্যন্ত দুঃখজনক ও অগ্রহণযোগ্য।”
শিক্ষকদের দাবি, শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে পৌর কর্তৃপক্ষের অবিলম্বে এই স্থান থেকে ময়লা অপসারণ করা উচিত এবং ভবিষ্যতে যাতে কেউ এখানে ময়লা না ফেলে, সেই বিষয়ে কার্যকর স্থায়ী পদক্ষেপ নেওয়া প্রয়োজন।
জেএইচআর