গৌরীপুরে তামাক নিয়ন্ত্রণে অবৈধ বিজ্ঞাপন অপসারণের সিদ্ধান্ত

হুমায়ুন কবির, গৌরীপুর (ময়মনসিংহ) প্রকাশিত: জুন ২৯, ২০২৬, ০৩:৫৯ পিএম

ময়মনসিংহের গৌরীপুরে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণে অবৈধ বিজ্ঞাপন অপসারণ, গণসচেতনতা বৃদ্ধি এবং আইন বাস্তবায়ন জোরদারের লক্ষ্যে উপজেলা টাস্কফোর্স কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা টাস্কফোর্স কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া আমীন পাপ্পা।

সভায় ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন বাস্তবায়নে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো— তামাকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সর্বস্তরে জনসচেতনতা বৃদ্ধি, যেকোনো ধরনের অবৈধ তামাকপণ্যের বিজ্ঞাপন অপসারণ, অপ্রাপ্তবয়স্কদের কাছে তামাকজাত দ্রব্য বিক্রি বন্ধ করা, শিক্ষাপ্রতিষ্ঠানের ১০০ গজের মধ্যে তামাকপণ্যের দোকান উচ্ছেদ এবং আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ।

সভায় ধূমপান ও তামাক ব্যবহারের মারাত্মক স্বাস্থ্যঝুঁকি নিয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডা. দিবাকর ভাট। সহকারী কমিশনার (ভূমি) সুনন্দা সরকার প্রমা তামাক নিয়ন্ত্রণ আইনের সংশোধিত বিভিন্ন দিক ও এর প্রয়োগ নিয়ে আলোচনা করেন। এছাড়া বাংলাদেশ তামাকবিরোধী জোটের সদস্য এবং সতিশা যুব ও কিশোর সংঘের সাধারণ সম্পাদক মো. রইছ উদ্দিন ময়মনসিংহ অঞ্চলে তামাকবিরোধী আন্দোলনের প্রেক্ষাপট, আইন বাস্তবায়নের প্রতিবন্ধকতা এবং করণীয় বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন।

সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মো. হাবিবুর রহমান, গৌরীপুর প্রেসক্লাবের সভাপতি বেগ ফারুক আহাম্মেদ, সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহফুজ ইবনে আইয়ুব, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. মুহাম্মদ সিহাব উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. মোস্তাফিজুর রহমান এবং উপজেলা শিক্ষা কর্মকর্তা সাঈদা রুবায়াত।

অনুষ্ঠানে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. রুবাইদুর রানা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আলাল উদ্দিন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেহানা আক্তার খাতুন, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, সতিশা যুব ও কিশোর সংঘের সভাপতি মো. অলি উল্লাহসহ টাস্কফোর্স কমিটির সদস্য ও স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

জেএইচআর