দীর্ঘ ৩৭ বছরের বর্ণাঢ্য ও সাফল্যমণ্ডিত পুলিশি জীবনের ইতি টেনে অবসরে গেলেন টুঙ্গিপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ছবির উদ্দিন শিকদার। সোমবার দুপুরে টুঙ্গিপাড়া থানা প্রাঙ্গণে সহকর্মীদের ভালোবাসা, সম্মান ও আন্তরিক শ্রদ্ধায় তাঁকে রাজকীয় বিদায় সংবর্ধনা দেওয়া হয়।
মো. ছবির উদ্দিন শিকদার গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার কেডি গোপালপুর গ্রামের বাসিন্দা। তিনি মরহুম সাদেক আলী শিকদারের তৃতীয় সন্তান। ১৯৮৯ সালের ১২ মে তিনি বাংলাদেশ পুলিশে যোগদান করেন। দীর্ঘ কর্মজীবনে সততা, নিষ্ঠা, পেশাদারিত্ব ও মানবিকতার সঙ্গে দায়িত্ব পালন শেষে নবম গ্রেডের উপ-পুলিশ পরিদর্শক (এসআই) পদ থেকে আজ আনুষ্ঠানিকভাবে অবসরে গেলেন।
তিনি গত বছরের ২৩ আগস্ট টুঙ্গিপাড়া থানায় যোগদান করেছিলেন। এখানে টানা ১০ মাস ৬ দিন কর্মরত থেকে নিজের দায়িত্বশীলতা, আন্তরিকতা ও সেবামূলক কাজের মাধ্যমে সহকর্মী ও সাধারণ মানুষের গভীর শ্রদ্ধা অর্জন করেন।
বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার গাজী হুমায়ুন কবির। টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে থানার সব পুলিশ সদস্য, বিদায়ী কর্মকর্তার আত্মীয়-স্বজন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। দুপুরে অনুষ্ঠান শুরু হলে সহকর্মীরা ফুলেল শুভেচ্ছা, সম্মাননা স্মারক ও শুভকামনা জানিয়ে প্রিয় সহকর্মীকে বিদায় জানান।
প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার গাজী হুমায়ুন কবির বলেন, এসআই ছবির উদ্দিন শিকদার দীর্ঘ কর্মজীবনে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তিনি পুলিশের একজন আদর্শ কর্মকর্তা। আমরা তাঁর অবসর-পরবর্তী জীবনের সুস্বাস্থ্য, সুখ ও শান্তি কামনা করি।
সভাপতির বক্তব্যে ওসি আইয়ুব আলী বলেন, ছবির উদ্দিন শিকদার একজন সৎ ও কর্মনিষ্ঠ পুলিশ কর্মকর্তা ছিলেন। তাঁর কর্মদক্ষতা, শৃঙ্খলা ও মানবিক আচরণ সহকর্মীদের কাছে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।
বিদায়ী এসআই মো. ছবির উদ্দিন শিকদার আবেগাপ্লুত কণ্ঠে দীর্ঘ ৩৭ বছরের কর্মজীবনের নানা স্মৃতিচারণ করেন এবং সহকর্মীদের সহযোগিতা ও সম্মানের জন্য সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠান শেষে এক ব্যতিক্রমী ও সম্মানজনক আয়োজনের মাধ্যমে তাঁকে শেষ কর্মস্থল থেকে বিদায় জানানো হয়। টুঙ্গিপাড়া থানার ওসির সরকারি গাড়িটি ফুল দিয়ে সুসজ্জিত করা হয়। পরে সহকর্মীরা পরম মমতায় ও ভালোবাসায় তাঁকে সেই সুসজ্জিত গাড়িতে করে কোটালীপাড়া উপজেলার কেডি গোপালপুর গ্রামে তাঁর নিজ বাড়িতে পৌঁছে দেন।
জেএইচআর