হিলিতে বিক্ষোভ কর্মসূচিকে ঘিরে পুলিশের সতর্ক অবস্থান

হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি প্রকাশিত: জুলাই ১, ২০২৬, ০৫:২৪ পিএম

নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক সংগঠন আওয়ামী লীগ ঘোষিত বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচিকে কেন্দ্র করে সারা দেশের মতো দিনাজপুরের হাকিমপুর (হিলি) উপজেলাতেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থান নিয়েছে। সম্ভাব্য যেকোনো অপ্রীতিকর ঘটনা ও নাশকতা এড়াতে এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

বুধবার সকাল থেকে হিলির এলএসডি গুদাম মোড় এলাকায় অবস্থিত ছাত্রলীগের কার্যালয়ের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। একই সঙ্গে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক, জনসমাগমস্থল ও স্পর্শকাতর এলাকাগুলোতে পুলিশের টহল জোরদার করা হয়েছে। এছাড়া সাদা পোশাকে গোয়েন্দা সংস্থার সদস্যদেরও মাঠে দায়িত্ব পালন করতে দেখা গেছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পক্ষ থেকে সার্বক্ষণিক নজরদারি অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

হাকিমপুর-ঘোড়াঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) আ. ন. ম. নিয়ামত উল্লাহ বলেন, যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা, নাশকতা কিংবা বিশৃঙ্খলা প্রতিরোধে পুলিশ সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে। কেউ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি আরও বলেন, এখন পর্যন্ত হিলিতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ কিংবা আওয়ামী লীগের কোনো অঙ্গসংগঠনের পক্ষ থেকে মিছিল, সমাবেশ বা অন্য কোনো কর্মসূচি পালনের খবর পাওয়া যায়নি। বর্তমানে এলাকার সার্বিক পরিস্থিতি সম্পূর্ণ শান্ত ও স্বাভাবিক রয়েছে।

জেএইচআর