চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় শাহাবুদ্দিন (৩৫) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার উপজেলার রায়পুর ইউনিয়নের খোর্দ গহিরা ৭ নম্বর ওয়ার্ডের পণ্ডিতের বাড়ি এলাকা থেকে তাঁর মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত শাহাবুদ্দিন ওই এলাকার মৃত শামসুল আলমের ছেলে। তিনি দুই সন্তানের জনক এবং পেশায় নদীপথে চলাচলকারী মালবাহী ট্রলারের শ্রমিক ছিলেন।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, শাহাবুদ্দিন দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। পাশাপাশি তিনি মাদকাসক্ত ছিলেন বলেও পরিবারের সদস্যরা জানিয়েছেন। ঘটনার আগের রাতেও পারিবারিক বিষয় নিয়ে স্ত্রীর সঙ্গে তাঁর কথা-কাটাকাটি হয়। পরে রাত ১২টার দিকে স্বামী-স্ত্রী একই বিছানায় ঘুমিয়ে পড়েন। ভোর ৫টার দিকে স্ত্রী ঘুম থেকে উঠে স্বামীকে পাশে না দেখে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পাশের একটি খালি কক্ষে ঘরের আড়ার সঙ্গে নাইলনের রশি দিয়ে শাহাবুদ্দিনকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তিনি। খবর পেয়ে আনোয়ারা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এটি আত্মহত্যা নাকি অন্য কিছু, তা ময়নাতদন্তের প্রতিবেদন এলে নিশ্চিত হওয়া যাবে।
জেএইচআর