নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা থেকে ৫৮ বোতল বিদেশি মদসহ মো. মামুন (৪২) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার দুপুরে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে, গতকাল মঙ্গলবার রাতে বেগমগঞ্জ উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের ছাতারপায়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মামুন ওই এলাকার মৃত দীন মোহাম্মদের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে উপজেলার নরোত্তমপুর ইউনিয়নে মামুনের বাড়ির পাশে বিশেষ অভিযান চালায় ডিবি পুলিশ। অভিযানে প্রথমে মামুনকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে বসতঘরের সামনে বালির স্তূপের ভেতর লুকিয়ে রাখা ৫৮ বোতল বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদ জব্দ করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার আবু তৈয়ব মো. আরিফ হোসেন বলেন, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে বেগমগঞ্জ মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। ওই মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।
জেএইচআর