পূর্বধলায় আগুনে পুড়ল বসতবাড়ি

পূর্বধলা (নেত্রকোণা) প্রতিনিধি প্রকাশিত: জুলাই ২, ২০২৬, ১২:৪৩ পিএম

নেত্রকোণার পূর্বধলা উপজেলার ঘাগড়া ইউনিয়নের বাইঞ্জা (বিয়ারকান্দা) গ্রামে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি বসতঘর ও রান্নাঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। এতে ঘরে থাকা নগদ ২ লাখ টাকাসহ প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ক্ষতিগ্রস্ত পরিবার। বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এই ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত গৃহকর্তার নাম মো. লিটন আকন্দ (৪৫)। তিনি ওই গ্রামের মৃত সুরুজ আলীর ছেলে।

স্থানীয় বাসিন্দা ও ভুক্তভোগী পরিবার জানায়, সন্ধ্যায় লিটন আকন্দের বাড়িতে হঠাৎ আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে এবং একটি চারচালা টিনের বসতঘর ও একটি দুচালা টিনের রান্নাঘরকে গ্রাস করে। এ সময় ঘরে থাকা নগদ ২ লাখ টাকা, মূল্যবান আসবাবপত্র, কাপড়চোপড় এবং সংসারের সব নিত্যপ্রয়োজনীয় সামগ্রী পুড়ে ছাই হয়ে যায়।

ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত এগিয়ে আসেন এবং পাশের পুকুর ও বাড়ির লাইনের পানি দিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে খবর পেয়ে পূর্বধলা ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে।

পূর্বধলা ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, ঘরের ভেতর বিদ্যুতের শর্ট সার্কিট থেকেই এই আগুনের সূত্রপাত হয়েছে। হঠাৎ এই দুর্ঘটনায় লিটন আকন্দের পরিবার এখন খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছে।

জেএইচআর