খুলনার পাইকগাছায় আধুনিক চিকিৎসাসেবা বঞ্চিত অসহায় ও স্বল্প আয়ের মানুষের জন্য সম্পূর্ণ বিনামূল্যে দিনব্যাপী এক বিশাল চক্ষু পরীক্ষা ও ছানি অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ৮টা থেকে পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এই মানবিক শিবিরের কার্যক্রম শুরু হয়। এই বৃহৎ চিকিৎসা ক্যাম্পের মূল উদ্যোক্তা ও প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা পরিষদ প্রশাসক, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব এবং জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান এস এম মনিরুল হাসান বাপ্পী।
প্রধান অতিথির বক্তব্যে এস এম মনিরুল হাসান বাপ্পী বলেন, টাকার অভাবে যারা চোখের উন্নত চিকিৎসা করাতে পারেন না, মূলত সেইসব অবহেলিত মানুষের পাশে দাঁড়ানোর জন্যই এই ফ্রি ক্যাম্পের আয়োজন। এটি সম্পূর্ণ মানবতার সেবা। তিনি আরও বলেন, বিএনপি প্রতিষ্ঠালগ্ন থেকেই মা, মাটি ও মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে এবং মানুষের সেবাই বিএনপির মূল লক্ষ্য। দুর্গম ও প্রত্যন্ত এলাকার সুবিধাবঞ্চিত মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে তিনি এই ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্যোগ নিয়েছেন।
রোটারী ক্লাব অব মিডটাউনের সভাপতি রোটারিয়ান সোহাগ মিনার সভাপতিত্বে অনুষ্ঠিত এই ক্যাম্পে সকাল থেকেই প্রত্যন্ত অঞ্চল থেকে আসা রোগীদের উপচে পড়া ভিড় লক্ষ করা যায়। দিনব্যাপী এই ক্যাম্পে আগত প্রায় ৩ হাজার রোগীর চোখ বিনামূল্যে পরীক্ষা-নিরীক্ষা করা হয়। এর মধ্যে ৫০০ জন রোগীকে ছানি অপারেশনের জন্য চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়েছে, যাদের পরবর্তীতে সম্পূর্ণ বিনামূল্যে অপারেশন করা হবে। এছাড়া বাকি রোগীদের প্রয়োজনীয় চিকিৎসাপত্র, চশমা ও ওষুধ বিতরণ করা হয়। খুলনার বিএনএসবি চক্ষু হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক দল এবং ফ্রেড হলোস ফাউন্ডেশন এই ক্যাম্পে সার্বিক কারিগরি সহযোগিতা প্রদান করে।
এই মানবিক কার্যক্রমে এলাকার রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাইকগাছা উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. আব্দুল মজিদ, খুলনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম শামীম কবির, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আশরাফুল আলম নান্নু, পাইকগাছা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এস এম এনামুল হক, জেলা বিএনপির সদস্য শাহাদাৎ হোসেন ডাবলু, জিএম রফিকুল হাসান, বদরুদ্দোজা বাবলু, পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজ, উপজেলা বিএনপির সদস্য সচিব এস এম ইমদাদুল হক এবং জেলা যুবদলের সদস্য সচিব নাদিমুজ্জামান জনি।
এছাড়াও উপজেলা ও পৌরসভা বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ-সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও স্বেচ্ছাসেবক উপস্থিত থেকে ক্যাম্পের শৃঙ্খলা রক্ষা ও রোগীদের সহায়তায় অংশ নেন। প্রত্যন্ত অঞ্চলে সম্পূর্ণ বিনামূল্যে এমন উন্নত চিকিৎসাসেবা পেয়ে এলাকার দরিদ্র ও সাধারণ মানুষ গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
জেএইচআর