টুঙ্গিপাড়ায় তিন দিনব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা শুরু

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি প্রকাশিত: জুলাই ২, ২০২৬, ০২:১৫ পিএম

‘নিরাপদ খাদ্য’ প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার অ্যান্ড ওয়াটার ম্যানেজমেন্ট (সিএসএডব্লিউএম-ডিএই) প্রকল্পের আওতায় তিন দিনব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা-২০২৬ উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে বেলুন উড়িয়ে ও ফিতা কেটে এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। টুঙ্গিপাড়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এই মেলার আয়োজন করেছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন গোপালগঞ্জ খামারবাড়ির কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. মো. মামুনুর রহমান। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহিরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা সিনিয়র কৃষি কর্মকর্তা কৃষিবিদ রাকিবুল ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক সঞ্জয় কুমার কুন্ডু, সিনিয়র মৎস্য কর্মকর্তা দেবাশীষ বাছাড়, সহকারী কমিশনার (ভূমি) আল আমিন হালদার এবং জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী প্রদীপ মজুমদার। উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা মিঠুন সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে স্থানীয় কৃষক-কৃষাণী এবং বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মেলায় জলবায়ু সহনশীল ও আধুনিক কৃষি প্রযুক্তির নানা উদ্ভাবনী প্রদর্শনী স্থান পেয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো- ভাসমান পদ্ধতিতে সবজি চাষ, বোরো মৌসুমে এডব্লিউডি (AWD) উপায়ে পানি সাশ্রয়ী ধান চাষ, পলি নেট হাউসে চারা উৎপাদন, সৌরবিদ্যুৎচালিত সেচ ব্যবস্থা, ভার্মি কম্পোস্ট (কেঁচো সার) উৎপাদন, রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে যান্ত্রিক উপায়ে ধানের চারা রোপণ এবং ফেরোমন ফাঁদ ব্যবহার করে বিষমুক্ত শাকসবজি উৎপাদন প্রযুক্তি।

প্রধান অতিথির বক্তব্যে ড. মো. মামুনুর রহমান বলেন, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও জলবায়ু সহনশীল কৃষি প্রযুক্তির সম্প্রসারণের মাধ্যমে নিরাপদ খাদ্য উৎপাদন নিশ্চিত করতে হবে।

সভাপতির বক্তব্যে ইউএনও জহিরুল আলম অল্প জমিতে অধিক ফলন নিশ্চিত করতে উন্নত কৃষি প্রযুক্তির ব্যবহার বাড়ানোর পাশাপাশি নিরাপদ খাদ্য উৎপাদনে কৃষকদের আরও উদ্বুদ্ধ করার তাগিদ দেন। তিন দিনব্যাপী এই মেলায় কৃষকদের জন্য আধুনিক কৃষি প্রযুক্তির প্রদর্শনী স্টল ও বিশেষজ্ঞ পরামর্শ সেবা উন্মুক্ত থাকবে।

জেএইচআর