ঝিনাইদহের মহেশপুরে কৃষি উৎপাদন বৃদ্ধি, কৃষকদের পুনর্বাসন এবং পরিবেশ সংরক্ষণের লক্ষ্যে সরকারি কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে কৃষি উপকরণ ও বৃক্ষরোপণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষি কার্যালয় প্রাঙ্গণে এই বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সুবিধাভোগী কৃষকদের হাতে বিভিন্ন কৃষি উপকরণ ও বৃক্ষের চারা তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাজ্জাদ হোসেন।
উপজেলা কৃষি কর্মকর্তা ইয়াসমিন সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত এ আয়োজনে উন্নত জাতের ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা, জৈব সার, বাঁশের খুঁটিসহ বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মো. সাজ্জাদ হোসেন বলেন, বর্তমান সরকারের অন্যতম লক্ষ্য হচ্ছে কৃষি উৎপাদন বৃদ্ধি, কৃষকদের স্বাবলম্বী করে তোলা এবং টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তোলা। কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা ও বৃক্ষরোপণ সামগ্রী বিতরণের মাধ্যমে যেমন উৎপাদন বাড়বে, তেমনি পরিবেশের ভারসাম্য রক্ষায়ও তা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তিনি কৃষকদের সরকারি সহায়তার যথাযথ ব্যবহার নিশ্চিত করে দেশের খাদ্য নিরাপত্তা বজায় রাখতে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে উপজেলা কৃষি কর্মকর্তা ইয়াসমিন সুলতানা বলেন, কৃষকদের উৎপাদন ব্যয় কমানো, আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি এবং ব্যাপক বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করাই এ কর্মসূচির মূল উদ্দেশ্য। কৃষিকে লাভজনক পেশায় পরিণত করতে এবং কৃষকদের আর্থিকভাবে সক্ষম করে তুলতে কৃষি বিভাগ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, প্রেসক্লাব মহেশপুরের সভাপতি সরোয়ার হোসেন এবং সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সমর কুমার মিত্র।
এ ছাড়া উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কৃষি বিভাগের কর্মী এবং বিভিন্ন ইউনিয়ন থেকে আগত সুবিধাভোগী কৃষকেরা অনুষ্ঠানে অংশ নেন। আয়োজকেরা জানান, কৃষকদের উৎপাদনশীলতা বৃদ্ধি এবং পরিবেশবান্ধব কৃষি ব্যবস্থা গড়ে তুলতে ভবিষ্যতেও এই ধরনের সরকারি প্রণোদনা ও পুনর্বাসন কার্যক্রম অব্যাহত থাকবে।
জেএইচআর