ঘাটাইলে ক্ষুদ্র কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, সার ও চারা বিতরণ

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি প্রকাশিত: জুলাই ৩, ২০২৬, ১২:৫৩ পিএম

টাঙ্গাইলের ঘাটাইলে ২০২৫-২৬ অর্থবছরের খরিপ-২ মৌসুমে কৃষি উৎপাদন বৃদ্ধি এবং ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের সহায়তায় বিনামূল্যে রোপা আমন ধানের বীজ, রাসায়নিক সার, বিভিন্ন প্রজাতির ফলদ ও বনজ গাছের চারা, মরিচের বীজ এবং শাক-সবজির বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা ও বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষি উপকরণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহমাদুল হাসান।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ দিলশাদ জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ মো. বিল্লাল হোসেন, বিআরডিবির চেয়ারম্যান মো. হারুন অর রশীদ, অতিরিক্ত কৃষি কর্মকর্তা কৃষিবিদ মমতাজ বেগম এবং কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মনোয়ার হোসেন (পলাশ)।

এ সময় উপস্থিত ছিলেন উপসহকারী কৃষি কর্মকর্তাগণ- মো. রুহুল আমিন, লুৎফর রহমান খান, জাহিদ হাসান, তৌকির আহামেদ, সুমন চন্দ্র দেবনাথসহ কৃষি বিভাগের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী এবং উপকারভোগী কৃষকরা।

বক্তারা বলেন, সরকারের কৃষিবান্ধব এ উদ্যোগের ফলে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা বিনামূল্যে উন্নতমানের বীজ, সার ও চারা পেয়ে খরিপ-২ মৌসুমে আবাদ সম্প্রসারণে আরও উৎসাহিত হবেন। এ কর্মসূচি কৃষি উৎপাদন বৃদ্ধি, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং কৃষকদের আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, চলতি মৌসুমে উপজেলার বিভিন্ন ইউনিয়নের নির্বাচিত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে পর্যায়ক্রমে এসব কৃষি উপকরণ বিতরণ করা হবে।

এম জি