মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মাদকবিরোধী র্যালি ও সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী ঈশ্বরগঞ্জ উপজেলা যুব বিভাগের উদ্যোগে শুক্রবার সকাল ১০টায় এই কর্মসূচির আয়োজন করা হয়।
‘তরুণ যদি সজাগ হয়, মাদক সেবন আর নয়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য র্যালিটি ঈশ্বরগঞ্জ উপজেলা চত্বর থেকে বের হয়। পরে এটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে স্থানীয় যুবসমাজ, সাধারণ উৎসুক জনতা এবং সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা ব্যানার-ফেস্টুন হাতে অংশ নেন।
র্যালি শেষে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তারা বলেন, মাদক একটি পরিবার, সমাজ ও সামগ্রিকভাবে রাষ্ট্রের জন্য এক ভয়াবহ অভিশাপ। বর্তমান তরুণ প্রজন্মকে মাদকের মরণছোবল থেকে রক্ষা করতে হলে পরিবার থেকে শুরু করে সমাজের প্রতিটি স্তরে শক্তিশালী প্রতিরোধ ও সচেতনতা তৈরি করতে হবে।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ঈশ্বরগঞ্জ উপজেলা জামায়াতের আমির ও যুব বিভাগের প্রধান উপদেষ্টা অধ্যক্ষ মাওলানা মঞ্জুরুল হক হাসান বলেন, “মাদক একজন মানুষের জীবনকে অন্ধকারের দিকে ঠেলে দেয়। এর মারাত্মক প্রভাব শুধু ব্যক্তির মধ্যে সীমাবদ্ধ থাকে না; বরং পুরো পরিবার, সমাজ এবং দেশের ভবিষ্যৎকেও ধ্বংস করে দেয়। তাই মাদকবিরোধী অবস্থানকে এখন একটি সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে।”
তিনি আরও বলেন, তরুণরাই দেশের আগামী দিনের মূল শক্তি। তাদের সুস্থ, সচেতন ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে হলে মাদকের বিরুদ্ধে সবাইকে একযোগে ঐক্যবদ্ধ হতে হবে। সমাজের প্রতিটি ঘরে ঘরে মাদকবিরোধী বার্তা পৌঁছে দেওয়ার জন্য তিনি যুবসমাজের প্রতি আহ্বান জানান।
কর্মসূচিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- ঈশ্বরগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আবুল খায়ের খান মোহাম্মদ বরকাতুল্লাহ, সহকারী সেক্রেটারি অধ্যক্ষ তানহার আলী এবং উপজেলা যুব বিভাগের সভাপতি এইচ এম মাজহারুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।
সমাপনী বক্তব্যে নেতৃবৃন্দ মাদক নির্মূলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর পদক্ষেপের পাশাপাশি অভিভাবক, শিক্ষক, সচেতন নাগরিক ও যুবসমাজকে সম্মিলিত ভূমিকা পালন করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
জেএইচআর