টাঙ্গাইলের নাগরপুরে উপজেলা ও নাগরপুর সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে এক বর্ণাঢ্য সংবর্ধনা এবং সাবেক-বর্তমান নেতাকর্মীদের পুনর্মিলনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
শুক্রবার দিনব্যাপী নাগরপুর সরকারি কলেজ মাঠ প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ উপলক্ষে জেলা ও উপজেলা বিএনপি, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী, সমর্থক ও শুভাকাঙ্ক্ষীর উপস্থিতিতে কলেজ মাঠ প্রাঙ্গণে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, ৫ আগস্টের ঐতিহাসিক ছাত্র-জনতার গণ-আন্দোলনের পর অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য রবিউল আউয়াল লাভলুকে সংবর্ধনা প্রদান এবং ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতাকর্মীদের মাঝে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও সাংগঠনিক ঐক্য আরও সুদৃঢ় করার লক্ষ্যে এই পুনর্মিলনীর আয়োজন করা হয়।
নাগরপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মীর খালিদ মাহবুব রাসেলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৬ আসনের সংসদ সদস্য রবিউল আউয়াল লাভলু। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা ছাত্রদলের আহ্বায়ক দুর্জয় হোড় শুভ এবং বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন জেলা ছাত্রদলের সদস্য সচিব এম. এ. বাতেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন- নাগরপুর মহিলা কলেজের গভর্নিং বডির সভাপতি মনোয়ারা বেগম মুকুল এবং নাগরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হবি।
পুরো আয়োজনটির সার্বিক সমন্বয়ের দায়িত্বে ছিলেন নাগরপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মো. শহিদুর রহমান মনির, নাগরপুর সরকারি কলেজ ছাত্রদল শাখার আহ্বায়ক মো. আশরাফুল ইসলাম আশরাফ এবং সদস্য সচিব মো. মনির হোসেন।
দিনের শুরুতে প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন আয়োজক ও নেতাকর্মীরা। এরপর সাবেক ও বর্তমান নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মূল পুনর্মিলনী পর্ব শুরু হয়। এ সময় দীর্ঘদিনের রাজনৈতিক সহযোদ্ধারা পরস্পরের সাথে কুশল ও শুভেচ্ছা বিনিময় করেন এবং সংগঠনের আদর্শিক ও সাংগঠনিক ভিত্তি আরও মজবুত করার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানের সমাপনী পর্বে প্রধান অতিথি সংসদ সদস্য রবিউল আউয়াল লাভলুর হাতে সম্মাননা স্মারক (ক্রেস্ট) ও সম্মাননাপত্র তুলে দেন ছাত্রদলের নেতৃবৃন্দ। সবশেষে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে দিনব্যাপী এই উৎসবের সমাপ্তি ঘটে।
জেএইচআর