মোরেলগঞ্জে অর্থ আত্মসাতের অভিযোগে মানববন্ধন

এইচ এম মইনুল ইসলাম, বাগেরহাট প্রকাশিত: জুলাই ৫, ২০২৬, ০৩:৪৮ পিএম

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামাল হোসেন মুফতির বিরুদ্ধে অর্থ আত্মসাৎ, অনিয়ম, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তুলে তার অপসারণ দাবিতে মানববন্ধন করেছে ‘দুর্নীতি বিরোধী জোট, মোরেলগঞ্জ’ নামে একটি সংগঠন।

রোববার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে সংগঠনের পক্ষ থেকে ডা. কামাল হোসেন মুফতির বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগ নিয়ে একটি অভিযোগপত্র বিতরণ করা হয়। এছাড়া অভিযোগপত্রে চিকিৎসাসেবা-সংক্রান্ত নানা অনিয়মের কথাও উল্লেখ করা হয়েছে।

অভিযোগকারীদের দাবি, কিছু রোগীর ক্ষেত্রে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অস্ত্রোপচার করা হয়েছে, যার ফলে রোগীরা ক্ষতিগ্রস্ত হয়েছেন। এসব অভিযোগেরও নিরপেক্ষ তদন্ত দাবি করা হয়েছে।

মানববন্ধনে বক্তব্য রাখেন মো. রেজাউল করিম, মাহমুদা খানম, সাবিনা ইয়াসমিন টুলু, মো. বশির উদ্দিন, আব্দুল্লাহ আল মামুন, মো. শহিদুল ইসলাম প্রমুখ।

তবে এ বিষয়ে অভিযুক্ত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামাল হোসেন মুফতি তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ অস্বীকার করে বলেন, “আমার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে।”

এএন