ইসলামপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি প্রকাশিত: জুলাই ৬, ২০২৬, ০৪:৩২ পিএম

‘উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের ইসলামপুরে প্রথম জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপিত হয়েছে।

সোমবার সকালে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) যৌথ উদ্যোগে এক বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয়। র‍্যালিটি ইসলামপুর উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

র‍্যালিতে উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল হুসাইন, বিআরডিবির কর্মকর্তা সেলিম আহমেদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুল আলীম, উপজেলা কৃষি কর্মকর্তা আবদুল্লাহ আল ফয়সাল, ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশনের ব্যবস্থাপক বিদ্যুৎ কুমার ঘোষ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাব এবং পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম ঢালি প্রমুখ।

বর্ণাঢ্য র‍্যালি শেষে বিআরডিবির হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন।

আলোচনা সভায় বক্তারা গ্রামীণ অর্থনীতির টেকসই উন্নয়ন, দারিদ্র্য বিমোচন এবং সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সমবায়ভিত্তিক পল্লী উন্নয়ন কার্যক্রমের ভূমিকার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন।

জেএইচআর