রাজনগরে স্ত্রীকে মাটিচাপা দিয়ে রাখা মরদেহ উদ্ধার, ঘাতক স্বামীসহ আটক ২

মৌলভীবাজার প্রতিনিধি প্রকাশিত: জুলাই ৬, ২০২৬, ০৬:২৭ পিএম

মৌলভীবাজারের রাজনগরে নিখোঁজের দীর্ঘ ১৯ দিন পর এক গৃহবধূর মরদেহ তাঁর স্বামীর বসতবাড়ির উঠান থেকে উদ্ধার করেছে পুলিশ। স্ত্রীকে শ্বাসরোধে হত্যার পর লাশ গুমের অভিযোগে ভিকটিমের স্বামী আলমগীর হোসেনসহ (৩৫) দুইজনকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘাতক স্বামীর দেওয়া তথ্যের ভিত্তিতে এই মরদেহ উদ্ধার করা হয়।

নিহত জায়েদা বেগম (৩৮) রাজনগর উপজেলার ৩ নম্বর মুন্সিবাজার ইউনিয়নের সোনাটিকি গ্রামের আব্দুল হান্নানের মেয়ে। তাঁর স্বামী আলমগীর হোসেন করিমপুর চা বাগান এলাকার বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৩ জুলাই জায়েদা বেগমের বাবা আব্দুল হান্নান মেয়ের নিখোঁজ হওয়ার কথা উল্লেখ করে রাজনগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং-১৪২, তারিখ: ০৩/০৭/২০২৬) করেন।

তদন্তের অংশ হিসেবে রাজনগর থানার এসআই অরূপ সরকার ৫ জুলাই বিকেলে আলমগীর হোসেনকে জিজ্ঞাসাবাদ করলে তিনি দাবি করেন, তাঁর স্ত্রী গত ১৯ জুন সৌদি আরবে চলে গেছেন। তবে তাঁর বক্তব্যে নানামুখী অসঙ্গতি ও সন্দেহজনক তথ্য পাওয়ায় তাকে থানায় এনে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা হয়।

নিবিড় জিজ্ঞাসাবাদের একপর্যায়ে আটক আলমগীর স্বীকার করেন যে, গত ১৭ জুন রাত আনুমানিক ৯টার দিকে তিনি এক সহযোগীকে সঙ্গে নিয়ে জায়েদা বেগমকে শ্বাসরোধে হত্যা করেন। এর একদিন পর মরদেহটি লোকচক্ষুর আড়ালে নিজ বসতবাড়ির উঠানে গর্ত করে মাটিচাপা দিয়ে রাখেন।

সোমবার সকালে ঘাতক স্বামীর দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ... (ক্রাইম অ্যান্ড অপস) নোবেল চাকমা, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল খয়ের এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিপুল শিকদারের উপস্থিতিতে রাজনগর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাটি খুঁড়ে জায়েদা বেগমের মরদেহ উদ্ধার করে। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য মরদেহটি মৌলভীবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

রাজনগর থানা-পুলিশ জানায়, এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় ভিকটিমের স্বামীসহ ২ জন বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন। লাশ ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

জেএইচআর