জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি বলেছেন, দেশের ৭০ শতাংশ মানুষ সংস্কারের পক্ষে মত দিলেও সরকার এখনো তা বাস্তবায়ন করেনি। তার অভিযোগ, সংস্কার বাস্তবায়নে বিলম্ব করে বর্তমান বিএনপি সরকার জনগণের সঙ্গে প্রতারণা ও বেইমানি করছে।
সোমবার (৬ জুলাই) বিকেলে গাজীপুরের কালীগঞ্জ বাসস্ট্যান্ডে অনুষ্ঠিত ‘জুলাই বিপ্লবীদের মহাসমাবেশে’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে এনসিপির মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এ সমাবেশের আয়োজন করা হয়।
এর আগে বিকেল সাড়ে ৪টায় কালীগঞ্জ সরকারি শ্রমিক কলেজের সামনে থেকে দলের ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি শুরু হয়।
বক্তব্যে নাহিদ ইসলাম বিদ্যুৎ খাতের বিভিন্ন বিষয় নিয়েও সরকারের সমালোচনা করেন। তিনি বলেন, সরকার বিদ্যুৎ সমস্যার সমাধানের প্রতিশ্রুতি দিলেও চলতি বাজেটে সেই প্রতিশ্রুতির বাস্তব প্রতিফলন দেখা যায়নি।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, মাদকের বিস্তার নিয়ন্ত্রণে সরকার কার্যকর পদক্ষেপ নিতে পারেনি। তার দাবি, স্বরাষ্ট্রমন্ত্রীর এলাকার মাধ্যমেই মাদক দেশে প্রবেশ করে বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ছে। মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার আহ্বান জানান তিনি।
এম জি