যশোরের চৌগাছায় পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে ১,৬০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার সন্ধ্যায় উপজেলার পাশাপোল ইউনিয়নের আমজামতলা বাজার এলাকায় এই অভিযান চালানো হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন- বুড়িন্দিয়া গ্রামের রেজাউল বিশ্বাস ওরফে সাইপারের ছেলে জুয়েল বিশ্বাস (৩৬) এবং বানরহুদা গ্রামের আকিমুল ইসলামের ছেলে ইমরান হোসেন (৩০)।
পুলিশ জানায়, চৌগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশিদ পিপিএম-এর নির্দেশনায় দশপাখিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বায়েজীদ মোল্লার নেতৃত্বে পুলিশের একটি টিম আমজামতলা বাজারে বিশেষ অভিযান চালায়। সেখান থেকে প্রথমে জুয়েল বিশ্বাসকে আটক করা হয়। পরবর্তীতে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে ইমরান হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে ১,৬০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ তাঁকে গ্রেপ্তার করা হয়।
চৌগাছা থানার ওসি মামুনুর রশিদ পিপিএম জানান, প্রাথমিকভাবে জানা গেছে গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। চৌগাছায় মাদক নির্মূলে পুলিশের এই বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
জেএইচআর