যশোরের চৌগাছায় সড়ক দুর্ঘটনায় মোস্তাফিজুর রহমান (৭) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল আনুমানিক ৮টা ৫৫ মিনিটে উপজেলার জগদীশপুর ইউনিয়নের দক্ষিণ সাগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে চৌগাছা-বারোবাজার সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোস্তাফিজুর রহমান দক্ষিণ সাগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র এবং দক্ষিণ সাগর গ্রামের আসাদুল হকের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাড়ি থেকে অন্যান্য শিশুদের সঙ্গে একটি হনুমান দেখতে যায় মোস্তাফিজুর। ফেরার পথে সড়ক পার হওয়ার সময় একটি ব্যাটারিচালিত ইজিবাইকের সঙ্গে ধাক্কা লেগে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার পর স্থানীয়রা ইজিবাইকটি আটক করলেও চালক পালিয়ে যান। খবর পেয়ে চৌগাছা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করেছে।
এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে।
এএন