গাইবান্ধায় ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ডিলারশিপ পুনঃনবায়ন বন্ধ রাখার নির্দেশনা প্রত্যাহার এবং পুনরায় নবায়নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুর ১২টার দিকে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে 'জেলা টিসিবি ডিলার বাঁচাও আন্দোলন'-এর উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তব্য দেন মো. জছিজার রহমান সুজা, এম এ রশিদ, আখতারুজ্জামান, শাহ আলম সেলিমসহ অন্যান্য ডিলাররা।
বক্তারা বলেন, সম্প্রতি টিসিবি কর্তৃপক্ষ এক নির্দেশনায় জানায়, ২০২৬ সালের জুন মাসে যাদের ডিলারশিপের মেয়াদ শেষ হয়েছে, তাদের চুক্তি আর পুনঃনবায়ন করা হবে না। কর্তৃপক্ষের এই হঠকারী সিদ্ধান্তে তাঁরা গভীরভাবে উদ্বিগ্ন ও মর্মাহত। গাইবান্ধা জেলায় বর্তমানে ১২৬ জন টিসিবির ডিলার রয়েছেন, যাঁদের একেক জনের বয়স ৪০ থেকে ৫৫ বছর বা তারও বেশি। এই বয়সে এসে হুট করে ডিলারশিপ বাতিল করে দিলে তাঁদের পরিবার নিয়ে চরম অসহায় ও দুর্বিষহ পরিস্থিতিতে পড়তে হবে।
ডিলারদের দাবি, তাঁদের কারও বিরুদ্ধে দুর্নীতি, অর্থ আত্মসাৎ কিংবা পণ্য বিতরণে অনিয়মের কোনো অভিযোগ নেই। ২০২২ সালের নীতিমালায় স্পষ্ট উল্লেখ ছিল, কোনো রকম অনিয়ম ছাড়া সুষ্ঠুভাবে ডিলারশিপ পরিচালনা করলে পরবর্তীতে নবায়নের মাধ্যমে কার্যক্রম সচল রাখা যাবে। কিন্তু দুঃখজনকভাবে বর্তমান নীতিমালায় সেই নিয়মটি বাদ দেওয়া হয়েছে।
মানববন্ধন থেকে বক্তারা অতিদ্রুত টিসিবির ডিলার নিয়োগ ও ব্যবস্থাপনা নীতিমালা (সংশোধিত-২০২৫)-এর ডিলারশিপ পুনঃনবায়ন বন্ধের নির্দেশনা বাতিলের জোর দাবি জানান। একই সঙ্গে অভিযোগবিহীন ও সফলভাবে দায়িত্ব পালনকারী ডিলারদের পুনরায় নবায়ন করাসহ ৫ দফা দাবি তুলে ধরেন।
কর্মসূচি শেষে ডিলাররা তাঁদের দাবি সংবলিত একটি স্মারকলিপি প্রধানমন্ত্রী বরাবর প্রদানের লক্ষ্যে জেলা প্রশাসকের কাছে হস্তান্তর করেন।
জেএইচআর