ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে প্রায় এক দশক ধরে ভুয়া চক্ষু চিকিৎসক পরিচয়ে রোগী দেখার অভিযোগে মো. শহীদুল্লাহ নামে এক ব্যক্তিকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার উপজেলা সদরের নূরজাহান শপিংমলে অবস্থিত ‘হাজী মুখলেছুর রহমান চক্ষুসেবা কেন্দ্র ও চশমাঘর’-এ অভিযান চালিয়ে এই দণ্ড দেওয়া হয়।
অভিযানটি পরিচালনা করেন উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রবিউল হাসান ভূঁইয়া।
উপজেলা প্রশাসন জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত ওই অভিযানে শহীদুল্লাহ চিকিৎসক হিসেবে প্রয়োজনীয় কোনো বৈধ সনদ বা কাগজপত্র দেখাতে পারেননি। এ কারণে তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
স্থানীয়দের অভিযোগ, কক্সবাজারের রামু উপজেলার বাসিন্দা শহীদুল্লাহ প্রায় ১০ বছর ধরে নিজেকে চক্ষু চিকিৎসক পরিচয় দিয়ে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর ও নবীনগর, নারায়ণগঞ্জের আড়াইহাজার এবং কুমিল্লার হোমনা উপজেলা এলাকায় রোগী দেখে আসছিলেন। বিভিন্ন চক্ষু হাসপাতালে অপারেশনের ব্যবস্থা করে দেওয়ার নামে রোগীদের কাছ থেকে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে।
অভিযানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. মাহমুদ মিয়া, জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) প্রতিনিধি, পুলিশ ও স্থানীয় সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
সহকারী কমিশনার (ভূমি) মো. রবিউল হাসান ভূঁইয়া বলেন, জনস্বাস্থ্য রক্ষায় ভুয়া চিকিৎসকদের বিরুদ্ধে প্রশাসন ও ভ্রাম্যমাণ আদালতের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
জেএইচআর