মেহেরপুরে চাচার দায়ের কোপে গুরুতর আহত ভাতিজা

মেহেরপুর প্রতিনিধি প্রকাশিত: জুলাই ৮, ২০২৬, ১১:৪১ এএম

মেহেরপুর সদর উপজেলার আশরাফপুর গ্রামে জমি-সংক্রান্ত বিরোধের জেরে সুমন নামে এক যুবককে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে আশরাফপুর গ্রামের হঠাৎপাড়ায় এ ঘটনা ঘটে। সুমন একই এলাকার আমির হোসেনের ছেলে এবং পেশায় একজন রাজমিস্ত্রি।

আশঙ্কাজনক অবস্থায় সুমনকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, সুমনের পরিবারের সঙ্গে তার চাচা নজরুল ইসলাম খোকার দীর্ঘদিন ধরে মাঠের একটি জমি নিয়ে বিরোধ চলছিল। এ কারণে চাচা খোকা প্রায়ই সুমনকে হত্যার হুমকি দিতেন।

মঙ্গলবার রাতে সুমন বাড়ির সামনের একটি চায়ের দোকানে বিশ্বকাপ ফুটবল খেলা দেখছিলেন। খেলা দেখার একপর্যায়ে চাচা নজরুল ইসলাম ও তার দুই ছেলে সুমনকে হত্যার উদ্দেশ্যে পেছন থেকে ধারালো অস্ত্র দিয়ে তার গলায় কোপ দেন।

রক্তাক্ত ও সংজ্ঞাহীন অবস্থায় সুমনকে উদ্ধার করে উপস্থিত লোকজন তাৎক্ষণিকভাবে মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. ফারুক হোসেন জানান, সুমনের গলায় ধারালো অস্ত্রের গভীর আঘাত রয়েছে এবং অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, খবর পেয়ে মেহেরপুর সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশ জানিয়েছে, জমিজমা-সংক্রান্ত পারিবারিক বিরোধের জেরেই এ হামলার ঘটনা ঘটেছে। অভিযুক্তদের গ্রেপ্তারে ইতোমধ্যে অভিযান শুরু হয়েছে। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এএন