ঝিনাইদহের মহেশপুর সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, দুই রাউন্ড গুলি এবং ২২ বোতল ভারতীয় এসকাফ সিরাপ উদ্ধার করেছে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)।
বুধবার (৮ জুলাই) সকাল ১০টা ৪৮ মিনিটে ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, একই দিন রাত ১টা ৪০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মাধবখালী বিওপির হাবিলদার মো. সাইফুর রহমানের নেতৃত্বে বিজিবির একটি টহল দল সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় সীমান্ত পিলার ৭০/৬-এস থেকে প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মাধবখালী গ্রামের জসিম উদ্দিনের বাঁশঝাড়ে অবস্থানরত এক অজ্ঞাত চোরাকারবারিকে ধাওয়া করা হলে সে একটি প্লাস্টিকের নেটের বস্তা ফেলে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
পরে স্থানীয় লোকজনের উপস্থিতিতে বস্তাটি তল্লাশি করে ২২ বোতল ভারতীয় এসকাফ সিরাপের ভেতরে বিশেষ কৌশলে পলিথিনে মোড়ানো অবস্থায় একটি ৭.৬৫ মিলিমিটার বিদেশি (Made in USA) পিস্তল, একটি ম্যাগাজিন এবং দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. রফিকুল আলম, পিবিজিএম, পিএসসি বলেন, সীমান্তে অস্ত্র, মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে অভিযান আরও জোরদার করা হবে। পাশাপাশি সীমান্ত অপরাধে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিজিবি সূত্র জানায়, উদ্ধার হওয়া বিদেশি পিস্তল, ম্যাগাজিন, গুলি এবং ভারতীয় এসকাফ সিরাপ জীবননগর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।
এম জি