কুমিল্লায় ফুটবল বিশ্বকাপের ম্যাচ ঘিরে সমর্থকদের মধ্যে উত্তেজনার জেরে এক ব্রাজিল সমর্থকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে কুমিল্লা আদর্শ সদর উপজেলার কোটবাড়ি বিশ্বরোড সংলগ্ন উত্তর দুর্গাপুর ইউনিয়নের ধনপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মো. শরিফুল ইসলাম (৩২) নীলফামারীর জলঢাকা উপজেলার উত্তর চেরাঙ্গা এলাকার মো. মতিউর রহমানের ছেলে। ক্যান্টনমেন্ট পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত ইনচার্জ এসআই সংকর কান্তি দাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, মঙ্গলবার রাতে আর্জেন্টিনা ও মিশরের মধ্যকার বিশ্বকাপ ম্যাচ চলাকালে আর্জেন্টিনা গোল হজম করলে ব্রাজিল সমর্থক শরিফুল ইসলাম উল্লাস প্রকাশ করেন। এ সময় তিনি আর্জেন্টিনা সমর্থকদের উদ্দেশে কটাক্ষ ও ট্রল করলে উভয় পক্ষের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি সংঘর্ষে রূপ নেয়।
অভিযোগ রয়েছে, বাগবিতণ্ডার একপর্যায়ে কয়েকজন আর্জেন্টিনা সমর্থক শরিফুল ইসলামের ওপর হামলা চালিয়ে তাকে মারধর করেন। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার জানান, ফুটবল খেলা নিয়ে কথাকাটাকাটির জেরে মারামারির ঘটনায় এক যুবকের মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, এ ঘটনায় এখনো নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।
এএন