আগামী ১৩ জুলাই বরিশাল সফরে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। তার এই সফরকে ঘিরে বরিশাল বিভাগজুড়ে রাজনৈতিক অঙ্গন, দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ-উৎসাহ দেখা দিয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, সফরকালে তারেক রহমান বরিশাল জেলা, মহানগর এবং বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতা থেকে শুরু করে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন।
এ সময় দলের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করা, আগামী দিনের রাজনৈতিক কর্মপরিকল্পনা এবং দক্ষিণাঞ্চলের বিভিন্ন উন্নয়ন সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হতে পারে বলে জানা গেছে।
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তারেক রহমানের এ সফরে দক্ষিণাঞ্চলের দীর্ঘদিনের গুরুত্বপূর্ণ অবকাঠামোগত প্রকল্পগুলো নতুন করে আলোচনায় আসতে পারে। এর মধ্যে রয়েছে ভাঙ্গা-কুয়াকাটা মহাসড়ক ছয় লেনে উন্নীতকরণ, পায়রা বন্দর ও কুয়াকাটা সমুদ্রসৈকতকে রেল যোগাযোগের আওতায় আনার পরিকল্পনা এবং দক্ষিণাঞ্চলের যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন।
এসব প্রকল্প বাস্তবায়িত হলে পর্যটন, বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে নতুন সম্ভাবনা তৈরি হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। একই সঙ্গে এ অঞ্চলের অর্থনৈতিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।
সফরের কর্মসূচিতে সামাজিক ও পরিবেশগত কয়েকটি উদ্যোগও গুরুত্ব পাচ্ছে। এর মধ্যে বরিশালের ঐতিহ্যবাহী জেল খাল সংস্কার কার্যক্রম পরিদর্শন এবং নগরীর বেলস পার্ক এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনের পরিকল্পনা রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
বিএনপির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন সফরের প্রস্তুতির বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সফর সফল করতে দলীয় কার্যালয়ে ধারাবাহিকভাবে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হচ্ছে। নিরাপত্তা, জনসমাগম ও সার্বিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে।
দলীয় নেতাকর্মীদের প্রত্যাশা, তারেক রহমানের এ সফর সাংগঠনিক কর্মকাণ্ডে নতুন গতি আনবে। পাশাপাশি দক্ষিণাঞ্চলের দীর্ঘদিনের উন্নয়ন প্রত্যাশাগুলোও নতুন করে সামনে আসবে।
উল্লেখ্য, এর আগে চলতি বছরের ৪ ফেব্রুয়ারি বরিশাল সফরে এসে বান্দরোডের ঐতিহ্যবাহী বেলস পার্ক মাঠে আয়োজিত বিএনপির জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেন তারেক রহমান।
এম জি