ময়মনসিংহের নান্দাইলে শশা চাষিদের সমস্যা, সম্ভাবনা ও জীবনমান উন্নয়ন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ জুলাই) রাত ৯টায় উপজেলার কালিয়াপাড়া বাজারে এ সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, এমপি।
প্রধান অতিথির বক্তব্যে তিনি শশা চাষিদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন, আপনারা নিজেদের স্বার্থ রক্ষায় একটি শক্তিশালী সমিতি গঠন করুন এবং শশার জন্য একটি সুনির্দিষ্ট আড়ত প্রতিষ্ঠা করুন। এতে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমবে এবং আপনারা উৎপাদিত শশার ন্যায্য মূল্য পাবেন। শশা চাষিদের উন্নয়নে সরকার সব ধরনের সহযোগিতা করবে। সমিতি গঠন করলে সরকারি সুযোগ-সুবিধাও সহজে পাওয়া যাবে।
তিনি আরও বলেন, চাষিদের উৎপাদিত পণ্য সংরক্ষণের সুবিধার্থে প্রয়োজন হলে কালিয়াপাড়া বাজারে একটি আধুনিক কৃষিপণ্য সংরক্ষণাগার (স্টোররুম) নির্মাণ করে দেওয়া হবে।
নান্দাইল উপজেলা বিএনপির সদস্যসচিব এনামুল কাদিরের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান লিটন, যুগ্ম আহ্বায়ক বাবু পল্লব রায়, সাবেক ইউপি চেয়ারম্যান আবুল খায়ের বাবুল, যুবদল নেতা কামরুজ্জামান রাসেল এবং ছাত্রদল নেতা অনিক আহমেদ বাবলুসহ উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং স্থানীয় শশা চাষিরা।
এম জি