মাটিরাঙ্গায় টানা ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে উপজেলা বিএনপি নেতৃবৃন্দ

জসীম উদ্দিন জয়নাল, পার্বত্যাঞ্চল প্রকাশিত: জুলাই ১১, ২০২৬, ০৩:৩৩ পিএম

টানা কয়েকদিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার বিভিন্ন এলাকায় ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি, রাস্তাঘাট ও কালভার্ট পরিদর্শন করেছেন উপজেলা বিএনপির নেতৃবৃন্দ। 

শনিবার সকালের দিকে উপজেলার বিভিন্ন ইউনিয়ন এলাকায় এই পরিদর্শন কার্যক্রম চালানো হয়।

বিএনপির কেন্দ্রীয় কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ও খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি, সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়ার বিশেষ নির্দেশনায় স্থানীয় নেতাকর্মীদের একটি প্রতিনিধি দল ক্ষতিগ্রস্ত এলাকাগুলো ঘুরে দেখেন। পরিদর্শনকালে বিএনপি নেতৃবৃন্দ ক্ষতিগ্রস্ত ও পানিবন্দী পরিবারের খোঁজখবর নেন এবং তাঁদের দুর্দশার কথা শোনেন। ভারী বর্ষণের কারণে ভেঙে যাওয়া রাস্তাঘাট ও ধসে পড়া কালভার্টের চিত্র তুলে ধরে তাঁরা জানান, দ্রুত এসব সংস্কার করা না হলে জনসাধারণের যোগাযোগ বিচ্ছিন্নতা দীর্ঘস্থায়ী রূপ নেবে।

পরিদর্শনকালে মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. বদিউল আলম মজুমদার, সাংগঠনিক সম্পাদক মো. জিয়াউর রহমান, সহ-সভাপতি ললিত বিকাশ ত্রিপুরা, সহ-সাংগঠনিক সম্পাদক মো. জামাল উদ্দিন জালাল, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. জয়নাল আবেদীন সরকার, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক সুনি ত্রিপুরা উপস্থিত ছিলেন।

এ ছাড়াও তবলছড়ি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ফজলুল হক লিটন চৌধুরী, সদস্য সচিব মো. হেলাল উদ্দিন, তাইন্দং ইউনিয়ন বিএনপির আহ্বায়ক করোম আলী মেম্বার, সদস্য সচিব মো. তৌফিকুল ইসলাম, উপজেলা যুবদলের সদস্য সচিব মো. ফোরকান ইমামীসহ উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. জিয়াউর রহমান বলেন, পাহাড়ি ঢলের কারণে মাটিরাঙ্গার প্রত্যন্ত এলাকার মানুষ চরম দুর্ভোগে দিন কাটাচ্ছেন। বিশেষ করে যাতায়াতের রাস্তা ও কালভার্টগুলো ভেঙে যাওয়ায় সাধারণ মানুষের চলাচল এবং জরুরি চিকিৎসাসেবা পাওয়া কঠিন হয়ে পড়েছে। আমাদের নেতা খাগড়াছড়ি আসনের সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়ার নির্দেশে আমরা মাঠ পর্যায়ে এসে প্রতিটি ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজ নিচ্ছি। 

গ্রামীণ অবকাঠামোর এই ক্ষতি দ্রুত কাটিয়ে উঠতে না পারলে স্থানীয় অর্থনীতি ও জনজীবনে স্থবিরতা নেমে আসবে। প্রশাসনকে রাস্তা-কালভার্ট দ্রুত মেরামতের জন্য আমরা সংশ্লিষ্ট প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি। আমাদের নেতাকর্মীরাও মাঠে থেকে ক্ষতিগ্রস্তদের সব ধরনের সহযোগিতা করে যাচ্ছেন।

মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. বদিউল আলম মজুমদার বলেন, টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে মাটিরাঙ্গার গ্রামীণ জনপদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। অসংখ্য মানুষের ঘরবাড়ি ভেঙে গেছে, রাস্তাঘাট ধসে পড়েছে এবং কালভার্ট ক্ষতিগ্রস্ত হয়ে যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে। আমাদের অভিভাবক, খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সংসদ সদস্য জননেতা ওয়াদুদ ভূঁইয়ার স্পষ্ট নির্দেশনা রয়েছে বিপর্যয়ের এই সময়ে কোনো সাধারণ মানুষ যেন একা বোধ না করে। 

আমরা প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি, যেন দ্রুত বরাদ্দ দিয়ে এই ক্ষতিগ্রস্ত রাস্তা-কালভার্টগুলো সংস্কার করা হয় এবং গৃহহীন পরিবারগুলোকে পুনর্বাসনের আওতায় আনা হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সবসময় জনগণের দল, তাই যেকোনো দুর্যোগে আমরা সাধারণ মানুষের পাশে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকবো।

জেএইচআর