শালিখা যুবদল নেতা মুন্সী নয়ন বহিষ্কার

মিরাজ আহমেদ, মাগুরা প্রকাশিত: জুলাই ১১, ২০২৬, ০৬:০৬ পিএম

মাগুরার শালিখা উপজেলা কৃষি কর্মকর্তাকে হুমকি দেওয়ার অভিযোগে উপজেলা যুবদলের সদস্যসচিব মুন্সী নয়নুজ্জামান নয়নকে প্রাথমিক সদস্যপদসহ দলের সব পদ ও দায়িত্ব থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল। 

শনিবার যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, পেশিশক্তি প্রদর্শনপূর্বক স্থানীয় এক কৃষি কর্মকর্তাকে হুমকি দেওয়ার সুস্পষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।

যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়নের সিদ্ধান্ত অনুযায়ী এই বহিষ্কারাদেশ কার্যকর করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বহিষ্কৃত নেতার কোনো ধরনের কর্মকাণ্ড বা অপকর্মের দায়-দায়িত্ব সংগঠন বহন করবে না। একই সঙ্গে যুবদলের সব পর্যায়ের নেতাকর্মীদের তাঁর সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে। ঘটনার বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বানও জানানো হয়েছে।

যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়। এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি অডিও ক্লিপকে কেন্দ্র করে ঘটনাটি আলোচনায় আসে। 

শুক্রবার রাতে ফেসবুকে প্রকাশিত ওই কল রেকর্ডে একজন ব্যক্তিকে কৃষি কর্মকর্তার উদ্দেশে হুমকিমূলক ভাষায় কথা বলতে শোনা যায়। অডিওটি শালিখা উপজেলা যুবদলের সদস্যসচিব মুন্সী নয়নুজ্জামান নয়নের বলে দাবি করা হয়।

তবে শালিখা উপজেলা কৃষি কর্মকর্তা মো. আবুল হাসনাত এই দাবি অস্বীকার করেছেন। তিনি বলেন, ফেসবুকে প্রচারিত অডিওটি আমিও শুনেছি। কিন্তু সেখানে আমার সঙ্গে কোনো কথোপকথন হয়নি। ওই কল রেকর্ড আমার নয়। প্রয়োজন হলে আমার কণ্ঠের সঙ্গে মিলিয়ে যাচাই করা যেতে পারে। আমার সঙ্গে এই ধরনের কোনো কথা হয়নি। তবে ওই কৃষি কর্মকর্তার কৃষকের প্রণোদনার অর্থ আত্মসাতের একাধিক অভিযোগ রয়েছে।

অভিযোগের বিষয়ে মুন্সী নয়নুজ্জামান নয়নের বক্তব্য জানার চেষ্টা করা হলেও তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। এই বিষয়ে তাঁর বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে প্রকাশ করা হবে। ঘটনাটি নিয়ে শালিখাসহ স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা চলছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, দলীয় শৃঙ্খলা বজায় রাখতে যুবদল সাম্প্রতিক সময়ে বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে নেতাকর্মীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করছে। শালিখার এই ঘটনাও সেই ধারাবাহিকতার অংশ বলে মনে করছেন তাঁরা।

জেএইচআর