চুয়াডাঙ্গায় যুবদল নেতাকে কুপিয়ে হাতের কব্জি বিচ্ছিন্ন

চুয়াডাঙ্গা প্রতিনিধি প্রকাশিত: জুলাই ১২, ২০২৬, ১১:৫১ এএম

চুয়াডাঙ্গা জেলা যুবদলের সাবেক সহ-ক্রীড়া সম্পাদক জাহিন শেখকে (৪০) এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। হামলায় তার বাম হাতের কব্জি শরীর থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। এছাড়া দুই পায়ের তালু থেকে গোড়ালি পর্যন্ত এবং শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের গভীর ক্ষত সৃষ্টি হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (পঙ্গু হাসপাতাল)-এ পাঠানো হয়েছে।

শনিবার রাত আনুমানিক ১১টার দিকে চুয়াডাঙ্গা পৌর শহরের হোমিওপ্যাথি কলেজ এলাকায় এই নৃশংস হামলার ঘটনা ঘটে।

আহত জাহিন শেখ চুয়াডাঙ্গা পৌর এলাকার হাটকালুগঞ্জ গ্রামের রজব আলীর ছেলে। তিনি জেলা যুবদলের সাবেক সহ-ক্রীড়া সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার রাতে হোমিওপ্যাথি কলেজ এলাকার কাছ দিয়ে যাওয়ার সময় একদল দুর্বৃত্ত জাহিন শেখের ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে তাৎক্ষণিকভাবে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যান।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. নাজমুস সাকিব জানান, রোগীর শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের মারাত্মক আঘাত রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। তার বাম হাতের কব্জি সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে এবং দুই পায়ের নিচের অংশ মারাত্মকভাবে ক্ষতবিক্ষত হয়েছে। তাই জরুরি প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে রেফার করা হয়েছে।

এদিকে ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশের প্রাথমিক ধারণা, পূর্বশত্রুতার জের ধরে এই হামলা চালানো হয়ে থাকতে পারে।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “হামলায় জাহিন শেখ নামের এক ব্যক্তির হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতার জের ধরেই এই হামলা। ইতোমধ্যে ঘটনায় জড়িত সন্দেহে দুজনের নাম পাওয়া গেছে। অপরাধীদের চিহ্নিত ও গ্রেপ্তারে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।”

এএন